সালমানকে কেউ 'না' বলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

‘দাবাং’ ও ‘দাবাং ২’ তুমুল জনপ্রিয় হওয়ার পর বলিউডের ‘ভাইজান’ সালমান খান এই সিরিজের তৃতীয় ছবি তৈরির কথা ভাবছেন। সাল্লুর ভক্তরাও তাঁদের প্রিয় চরিত্র চুলবুল পাণ্ডেকে আরও একবার দেখার জন্য অপেক্ষায় আছেন। কিন্তু ‘দাবাং ২’-এর পরিচালক আরবাজ খান আর এই ছবি পরিচালনা করতে চান না।

উল্লেখ্য, ছবির প্রথম কিস্তি পরিচালনা করেছিলেন অভিনব কাশ্যাপ। কয়েক দিন আগে সালমান এক সাক্ষাৎকারে মজা করে বলেছিলেন, ‘আমরা দাবাং ৩–এর জন্য আরও ভালো একজন পরিচালক খুঁজছি।’ সালমান অবশেষে তাঁর মনের মতো পরিচালক খুঁজে পেয়েছেন। প্রভু দেবাকে সালমান ‘দাবাং ৩’ পরিচালনার প্রস্তাব দিয়েছিলেন। প্রভু দেবাও একবারেই রাজি হয়ে গেছেন তাঁর প্রস্তাবে।

এই চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফারের ভাষ্য, ‘সালমান স্যার আমাকে যে-ই ছবি করতে বলবেন, আমি সেটাই করব। তাঁকে কেউ “না” করতে পারবে না।’

প্রভু দেবা
প্রভু দেবা

সালমান খানের সঙ্গে প্রভু দেবার বন্ধুত্ব অনেক পুরোনো। তবে ২০০৯ সালে প্রভু দেবার পরিচালনায় ‘ওয়ান্টেড’ ছবিটি করার পর তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। কারণ, লাগাতার ফ্লপ ছবি করার পর এই ছবিটি সালমানকে আশার আলো দেখিয়েছিল। সালমান খান ও আয়েশা টাকিয়া অভিনীত এই ছবি বক্স অফিসে আয় করেছিল ৯৩ কোটি রুপি।

তা ছাড়া ‘দাবাং’ যেই মেজাজের ছবি, সেটি প্রভু দেবার থেকে ভালো আর কে-ই বা পরিচালনা করতে পারবে? ছবির তৃতীয় কিস্তিতে নায়িকাও পরিবর্তন হবে বলে জানা যায়। এবার আর সালমানের স্ত্রীর চরিত্রে সোনাক্ষী সিনহাকে দেখা যাবে না। নতুন ‘দাবাং কন্যা’ কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তথ্যসূত্র : বলিউড হাঙ্গামা