সালমানকে জেলে যেতে হবে আজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমানের সাজা
সালমানের সাজা

দুই রাতের জামিন শেষে আজ শুক্রবার সালমানের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে? সালমান পরিবার ও ভক্তরা এ নিয়ে চিন্তিত যে, আজ মুম্বাই হাইকোর্ট কি তাঁর আপিল গ্রহণ করে জামিন মঞ্জুর করবেন না কি কারাগারে পাঠাবেন?
১৩ বছর আগে সালমানের গাড়ি ফুটপাতে চাপা দেয় পাঁচজনকে। এর মধ্যে ঘুমন্ত এক ব্যক্তি নিহত হন এবং আহত হন আরও চারজন। অভিযোগ ওই সময় চালকের আসনে মদ্যপ অবস্থায় ছিলেন সালমান। এ ঘটনায় করা মামলায় গত মঙ্গলবার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে বলিউড তারকা সালমান খানের। গত বুধবার ভারতের মুম্বাইয়ের জেলা ও দায়রা জজ ডি ডব্লিউ দেশপান্ডে সালমানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
এ রায়ের পর পরই হাইকোর্টে তাঁর জামিন আবেদন করা হয়। আদালত তাঁর ৪৮ ঘণ্টার জামিন মঞ্জুর করেন। তবে বাদী পক্ষ সুপ্রিম কোর্টে সালমানের জামিনের বিরোধিতা করে আবেদন করলেও সর্বোচ্চ আদালত এ জামিনাদেশ বহাল রাখেন।
সালমানের রায়কে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই এই তারকার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভক্তদের জটলা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত প্রহরা বসানো হয়েছে। রায় ঘোষণার পরপরই অনেক ভক্ত সালমানের পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে ছুটে আসেন তাঁর বাড়িতে। ভিড় ছিল আদালতের বাইরেও। তবে সালমানের পরিবার থেকে অনুরোধ করা হয়, জামিনের ৪৮ ঘণ্টায় যেন কেউ সালমানের বাড়িতে এসে ভিড় না করেন। এ সময়টা সালমান শুধুই তাঁর পরিবার ও আইনজীবীদের সঙ্গে কাটাতে চান।
সালমানের দীর্ঘ দিনের সহকর্মী বলিউডের রথী-মহারথীদের মতে এ রায় বেশ কঠোর। তাঁর জন্য কিছুটা ছাড় দেওয়ার সুযোগ ছিল।
তবে আজ সালমানকে সশরীরে হাইকোর্টে হাজির হতে হবে না। সাধারণত আইন অনুযায়ী রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে প্রথমে আপিল করা হয়। কিন্তু এখানে জামিন আবেদন নামঞ্জুর হলে সালমান আজই সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হতে পারবেন।
মুম্বাইয়ের জেলা ও দায়রা জজ ডি ডব্লিউ দেশপান্ডের দেওয়া ২৪০ পৃষ্ঠার রায়ের একটি কপি টাইমস অব ইন্ডিয়ার হাতে পৌঁছেছে। সেখানে বিচারক সালমান ও তাঁর চালক অশোক সিংয়ের দেওয়া কোনো বক্তব্যই বিশ্বাস করেননি। অশোক আদালতে বলেছিলেন, ঘটনার সময় তিনিই ​গাড়ি চালাচ্ছিলেন। তবে বিচারক তাঁর রায়ে বলেন, ‘চালক অশোক সিং ছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী।’
সালমান খান সম্পর্কে বলা হয়, ‘অভিযুক্ত সালমান ভালোভাবেই জানতেন লাইসেন্স ছাড়া বা মদ্যপ অবস্থায় কারও গাড়ি চালানো উচিত নয়। তাও আবার এত রাতে। এগুলো হলো মূল নিয়ম।’
রায় কার্যকর হলে সালমানকে বন্দী থাকতে হবে থানে কিংবা তালোজা কেন্দ্রীয় কারাগারে।