সালমানকে নিয়ে স্ট্যালোনের ভুল বোঝাবুঝি

>
- সালমান খানকে অন্য এক নায়কের সঙ্গে গুলিয়ে ফেলেন সিলভেস্টার স্ট্যালোন।
- সালমান ইনস্টাগ্রামে স্ট্যালোনের ছবির প্রচার চালাচ্ছেন।
- বলিউডের এই নায়ককে শুভকামনা জানান সিলভেস্টার স্ট্যালোন।
বলিউডের সালমান খানকে তাঁর নতুন ছবির জন্য শুভকামনা জানাতে চেয়েছিলেন ‘রকি’খ্যাত অভিনেতা সিলভেস্টার স্ট্যালন। এ জন্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সালমানের ‘রেস ৩’ ছবির একটি পোস্টারও শেয়ার করেছিলেন। বিপত্তি বাধে এখানেই। কারণ, সালমান খানকে ‘মেধাবী অভিনেতা’ বলে উল্লেখ করলেও সালমানকে যে স্ট্যালোন চেনেন না, তা ধরা পড়ে যায়। ‘রেস থ্রি’ ছবির আরেক তারকা ববি দেওলকে স্ট্যালোন প্রথমে সালমান ভেবে ভুল করেছেন। পরে অবশ্য স্বভাবসুলভ রসিকতা দিয়ে সেই ভুল শুধরে দিয়েছেন।
স্ট্যালোনের এই ভুল নিয়ে অনলাইনে অনেক হাসি-তামাশা হয়েছে। ববি দেওলের পোস্টার দিয়ে স্ট্যালোন লিখেছিলেন, ‘মেধাবী চলচ্চিত্র নায়ক সালমান খানকে তাঁর পরবর্তী ছবি “রেস থ্রি”র জন্য অনেক অনেক শুভকামনা।’

হলিউড অভিনেতার এই পোস্টে একজন মন্তব্য করেন, ‘খুব ভালো বলেছেন। কিন্তু তিনি সালমান খান নন।’ নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পোস্টটি মুছে ফেলেন সিলভেস্টার স্ট্যালোন। গতকাল সোমবার নতুন আরেকটি পোস্ট দিয়ে তিনি আবারও শুভেচ্ছা জানান সালমানকে। এবার অবশ্য আর ভুল করেননি। সেই পোস্টে মজা করে স্ট্যালোন লিখেছেন, ‘ঠিক আছে, আবার চেষ্টা করা যাক। দারুণ মেধাবী অভিনেতা সালমান খানকে তাঁর আসন্ন ছবি ‘রেস থ্রি’র জন্য শুভকামনা। (এবারও যদি ভুল হয়, তাহলে আমি আর চেষ্টা করব না। হা হা হা...’
স্ট্যালোন একা নন, সালমান খান আরও আগে স্ট্যালোনকে শুভেচ্ছা জানিয়েছেন। গত বুধবার স্ট্যালোনের নতুন ছবি ‘ক্রিড টু’র প্রচারণামূলক একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ‘ভাইজান’। রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবিতে সালমান খান ছাড়া আরও অভিনয় করেছেন অনিল কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, ববি দেওল, সাকিব সেলিম ও ডেইজি শাহ। ছবিটি মুক্তি পাবে ঈদে। আর সিলভেস্টার স্ট্যালোনের ‘ক্রিড টু’ বড় পর্দায় আসবে আগামী নভেম্বরে। হিন্দুস্তান টাইমস।