সালমানকে ফাঁসানোর চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

বছরের পর বছর ধরে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার মামলা ঝুলছে সালমান খানের ওপর। এখন পর্যন্ত যে কতবার মামলাটির শুনানি হয়েছে, তার ইয়ত্তা নেই। হাজিরা দিতে দিতে আর আদালতে যেতে যেতে রীতিমতো ক্লান্তই বলা যায় সালমানকে। কিন্তু কবে এ মামলার চূড়ান্ত রায় হবে, তা নিয়ে সংশয় যেন কাটছেই না। এর অন্যতম কারণ হলো, দুর্ঘটনার সময় সালমান গাড়ি চালাচ্ছিলেন কি না, তা নিয়ে রহস্যের জট খুলছে না। গতকাল ১০ এপ্রিল মামলার শুনানিতে সালমানের আইনজীবী দাবি করেন, দুর্ঘটনার সময় সালমান গাড়ি চালাচ্ছিলেন-এমন কোনো প্রমাণ নেই। সালমানকে ফাঁসানোর জন্য মিথ্যা তথ্য-প্রমাণ তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তাঁর আইনজীবী।
২০০২ সালের সেপ্টেম্বরে মুম্বাইয়ে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে মামলা হয় সালমানের বিরুদ্ধে। ওই দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চার ব্যক্তি। সালমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু বরাবরই সালমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন না। গাড়ি চালাচ্ছিলেন তাঁর গাড়িচালক অশোক সিং। আদালতে এমন স্বীকারোক্তিও দিয়েছেন অশোক। কিন্তু দুর্ঘটনার পর গাড়ির চালকের আসন থেকে সালমানকে নামতে দেখা যাওয়ায় ধোপে টিকছে না সালমান কিংবা অশোকের দাবি।
গতকাল শুক্রবার মামলার শুনানির সময় বিচারক ডি ডব্লিউ দেশপাণ্ডেকে সালমানের আইনজীবী শ্রীকান্ত শিভেদ বলেন, ‘সালমান খান নয়, দুর্ঘটনার সময় টয়োটা ল্যান্ড ক্রুজার এসইউভি গাড়ি চালাচ্ছিলেন অশোক সিং। গাড়ির চালকের আসন থেকে সালমান নেমে আসার মানে এই নয় যে, তিনি গাড়ি চালাচ্ছিলেন। এর কোনো প্রমাণ নেই। গাড়ির সামনের দিকে বাম পাশের আসনে বসেছিলেন সালমান। সাক্ষীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর গাড়ির ডান পাশের দরজা দিয়ে সালমানকে নামতে দেখেছেন তাঁরা। এর পেছনের কারণ হলো, দুর্ঘটনার কারণে গাড়ির বাম পাশের দরজার লক নষ্ট হয়ে যাওয়ায় তা খুলছিল না। এ অবস্থায় গাড়ির ডান পাশের দরজা দিয়ে নামা ছাড়া সালমানের কাছে আর কোনো পথ খোলা ছিল না। তিনি সেটাই করেছেন।’

শ্রীকান্ত শিভেদ আরও বলেন, ‘মামলার তিন সাক্ষী জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িতে চারজন ছিলেন। কিন্তু পরে দাবি করা হয়, গাড়িতে ছিলেন তিনজন। সত্যটা হলো, গাড়িতে ছিলেন সালমান, তাঁর পুলিশ দেহরক্ষী রবীন্দ্র পাতিল, গায়ক বন্ধু কমল খান এবং গাড়িচালক অশোক সিং যিনি দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু এফআইআর-এ অশোক সিংয়ের নাম উল্লেখ করেনি পুলিশ। এভাবে গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করা হয়েছে।