সালমানকে বিয়ের বিষয়ে রাজি করাবেন আমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান ও সালমান খান
আমির খান ও সালমান খান

বলিউডের খানদের মধ্যে একমাত্র সালমান খানই এখনো একা রয়ে গেছেন। বাকিরা বিয়ে করে দিব্যি ঘর-সংসার করছেন। সালমান খানকে তাঁর বলিউডের অনেক বন্ধুই এত দিন বিয়ের বিষয়ে রাজি করানোর চেষ্টা করেছেন। কিন্তু পঞ্চাশ বছর বয়সী এই তারকা অভিনেতা কিছুদিন আগেও জানিয়েছেন, একা জীবন যাপনই নাকি তাঁকে বেশি টানে। অবশ্য ‘পিকে’ তারকা আমির মোটামুটি নিশ্চিত যে তিনি একটু চেষ্টা করলেই সালমানকে সংসারী হতে রাজি করিয়ে ফেলবেন।

গতকাল ১৪ মার্চ আমির খানের ৫১তম জন্মদিনে এক সংবাদ সম্মেলনে আমির বলেছেন, ‘তিনি সব সময়ই চান সালমান বিয়ে করুক, সংসারী হোক। কয়েকবার তাঁকে বিয়ে করার পরামর্শও দিয়েছেন।’ কিন্তু এই বিষয়ে তেমন কোনো তোড়জোড় নাকি করেননি।

আমির বলেন, ‘এত দিন আমি শুধু তাঁকে বিয়ে করতে বলেছি। তবে সেভাবে চেষ্টা করিনি। আমি যদি আমার সর্বোচ্চ চেষ্টা করি, তাহলে অবশ্যই সফল হব।’

আমির খান ও সালমানকে একসঙ্গে দেখা গিয়েছিল ক্ল্যাসিক কমেডি ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে। সেটা ১৯৯৪ সালে। এখন আমির কাজ করছেন ‘দঙ্গল’ ছবির জন্য। এ ছবিতে একজন কুস্তিগিরের চরিত্রে অভিনয় করেছেন আমির। মজার ব্যাপার হলো সালমান খানকেও ‘সুলতান’ ছবিতে এক কুস্তিগিরের ভূমিকায় দেখা যাবে। হিন্দুস্তান টাইমস।