সালমানকে হত্যার পরিকল্পনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

বলিউডের তারকা সালমান খানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে—দিনকয়েক আগে মুম্বাই পুলিশের কাছে এমন একটি ফোন কল আসে। ফোনে সেই অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশকে জানায় যে সে কয়েকজনকে এমন আলোচনা করতে শুনেছে, তারা সালমানকে হত্যা করার জন্য পরিকল্পনা করছিল।


সালমানকে হত্যা করা হবে—এ কথা জানিয়ে শুধু একটি ফোন কলই নয়, পুলিশের ওই সূত্রটি জানিয়েছে, এর পরের দিনও এ বিষয়ে তারা আরও একটি ফোন কল পায়। সে সময়েও ফোনে তাদের এই একই বিষয় জানানো হয়েছিল। পর পর দুই দিন ফোনে সালমান খানকে হত্যার পরিকল্পনার বিষয়টি জানার পরিপ্রেক্ষিতে মুম্বাই পুলিশ সেই ব্যক্তিকে খুঁজে বের করার উদ্যোগ নেয়।

এ প্রসঙ্গে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেখান থেকে তাদের ফোনে বিষয়টি জানানো হয়েছিল, সেই জায়গা দুটি তারা নির্দিষ্ট করতে পেরেছে। দক্ষিণ মুম্বাইয়ের মেরিন লাইনস ও মালাদ থেকে ফোন কল দুটি এসেছিল।

অবশ্য জায়গা শনাক্ত করা ছাড়া পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আর কোনো বিষয়ে চূড়ান্ত করে কিছু জানানো হয়নি। এ বিষয়ে কোনো অভিযোগও দায়ের করা হয়নি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, পুলিশ চেষ্টা করছে যে ব্যক্তি ফোনে তাদের বিষয়টা জানিয়েছিল; তাকে শনাক্ত করতে। আর এর পাশাপাশি বিষয়টি নিয়ে আরও তদন্ত করার লক্ষ্যে ওই দুই এলাকার সিসিটিভি ফুটেজ তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।

সালমান খান এই মুহূর্তে তাঁর নতুন ছবি ‘সুলতান’ নিয়ে ব্যস্ত। ‘সুলতান’ ছবিটির শুটিংয়ের কাজ চলছে। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও বর্তমানে এই ‘দাবাং’ তারকা ছবির কাজ এগিয়ে নিতে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ইন্দো-এশিয়ান নিউজ। এনডিটিভি।