সালমানের জন্মদিনে 'দাবাং আলু', 'প্রেম প্রন', 'ভাই কি ছোলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০তম জন্মদিনের কেক কাটছেন সালমান খান
৫০তম জন্মদিনের কেক কাটছেন সালমান খান

বলিউডের তারকা অভিনেতা সালমান খানের ৫০ তম জন্মদিন ছিল কাল। সালমানের পানভিলের ফার্ম হাউসে তাঁর জন্মদিন উপলক্ষে এক জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল পরিবেশিত বিভিন্ন পদের খাবারের নামগুলো। সালমান খান অভিনীত বিভিন্ন ছবির নামে নাম রাখা বিভিন্ন পদের খাবার যখন সামনে আসছিল তখন এ অভিনেতাও বিস্মিত না হয়ে পারেননি।
সালমান খানের জন্মদিনের অনুষ্ঠানের ভোজে আলু দিয়ে তৈরি বিশেষ একটি পদের খাবারের নাম দেওয়া হয়েছিল ‘দাবাং আলু’। আবার চিংড়ি দিয়ে বানানো আরেকটি পদের খাবারের নাম ছিল ‘প্রেম প্রন’। খাবারের টেবিলে অন্যান্য খাবারের পাশে আরও একটি বিশেষ খাবারের পদ রাখা ছিল, এর নাম ​ছিল— ‘ভাই কি ছোলে’।
পরিবারের সব সদস্য এবং বলিউডের তারকারা ছাড়াও জন্মদিনের প্রথম প্রহরটি থেকে শেষ পর্যন্ত সালমান খানের পাশে ছায়ার মতোই সর্বক্ষণ ছিলেন সালমানের বর্তমান প্রেমিকা লুলিয়া ভেঞ্চুর।
ঠিক রাত বারোটা বাজতেই শুরু হয়েছিল বলিউডের তারকা সালমান খানের জন্মদিন উদ্‌যাপনের উৎসব। এই অনুষ্ঠানে নিজে কেক কেটে উপস্থিত সবাইকে সেই কেক মুখে তুলে খাওয়ান সালমান খান।
সালমানের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত একজন অতিথি জানিয়েছেন, সালমান খান তাঁর ছবির বেশ কয়েকটি জনপ্রিয় গানের সঙ্গে নেচেছেনও। সালমান খান যেসব গানের সঙ্গে এ অনুষ্ঠানে নেচেছিলেন, সেই গানগুলোর মধ্যে রয়েছে ‘ও ও জানে জানা’, ‘জুম্মে কি রাত’ এবং ‘তান তানা তান তান তান তারা’। এ ছাড়া, অনুষ্ঠানে উপস্থিত বজরঙ্গি ভাইজানের সেই ছোট্ট মেয়ে ‘মুন্নী’ খ্যাত হারশালির সঙ্গেও সালমান খান নেচেছেন ‘কুকরু কু’ গানে।
বলিউডের এই ‘দাবাং’ তারকার ৫০ তম জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন অনিল কাপুর তনয়া অভিনেত্রী সোনম কাপুর, মল্লিকা শেরওয়াত, বজরঙ্গি ভাইজানের ‘মুন্নি’ হারশালি মালহোত্রা।
অনুষ্ঠানে এসেছিলেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের তারকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ, ছিলেন ‘মোহরা’খ্যাত অভিনেত্রী রাভিনা ট্যান্ডন, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, কঙ্গনা রানাউত, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি সুজা, জেরিন খান, নির্মাতা প্রযোজক ডেভিড ধাওয়ান, রাজকুমার হিরানিসহ আরও অনেকেই। অবশ্য এ অনুষ্ঠানে সালমানের বর্তমান প্রেমিকা লিলুয়া ভেঞ্চুর হাজির থাকলেও সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ আসেননি। টাইমস অব ইন্ডিয়া। মুম্বাই মিরর।