সালমানের জন্য হলিউডকে 'না'!

অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে কাজের প্রস্তাব ফিরিয়ে নিশ্চয়ই আফসোস করতে হয়েছিল ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানকে! এবার হলিউডের ছবিতে জ্যাকি চ্যানের সঙ্গে কাজের সুযোগ হারালেন কিং খান। শোনা যাচ্ছে, বন্ধু সালমানের খাতিরেই নাকি লোভনীয় এই প্রস্তাব ফিরিয়েছেন শাহরুখ।
যশরাজ ফিল্মসের নতুন ছবিতে বহু বছর পর সালমানের সঙ্গে পর্দায় হাজির হবেন শাহরুখ। ছবির পরিচালক আদিত্য চোপড়া। এরই মধ্যে শিডিউল দিয়ে দিয়েছেন শাহরুখ। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ছবিটিতে পূর্ণ মনোযোগ দিতে চান বলেই হলিউডের ছবিতে জ্যাকি চ্যানের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়েছেন শাহরুখ। পাশাপাশি ছবিটিতে জ্যাকি চ্যান তাঁর চরিত্রের গুরুত্বকে ছাপিয়ে যেতে পারেন-এমন আশঙ্কাও কাজ করেছে শাহরুখের ভেতর।
জ্যাকি চ্যান ও শাহরুখ খানকে নিয়ে ছবি তৈরির সিদ্ধান্ত নেয় হলিউডের বিখ্যাত একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটিতে অভিনয়ের প্রস্তাব পান শাহরুখ। কিন্তু লোভনীয় ওই প্রস্তাব ফিরিয়ে দেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
অবশেষে এক ছবিতে শাহরুখ-সালমান
এর আগে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে কাজের প্রস্তাব ফিরিয়েছিলেন শাহরুখ। মুক্তির পরপরই হইচই ফেলে দেয় ভারতীয় লেখক বিকাশ স্বরুপের ‘কিউ অ্যান্ড এ’ উপন্যাস থেকে নির্মিত ছবিটি। ১০টি বিভাগে অস্কার মনোনয়ন পায়। ঘরে তোলে আটটি অস্কার।
‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে শাহরুখের ফিরিয়ে দেওয়া চরিত্রটিতে অভিনয় করে রাতারাতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা পান বলিউডের অভিনেতা অনিল কাপুর। হলিউডের দুয়ার খুলে যায় তাঁর সামনে। পরবর্তী সময়ে ‘মিশন ইম্পসিবল সিরিজের ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকল’ ছবিতে টম ক্রুজের সঙ্গে পর্দা ভাগাভাগি করার সুযোগ মেলে অনিলের।
জ্যাকি চ্যানের মতো ডাকসাইটে অ্যাকশন তারকার সঙ্গে হলিউডের ছবিতে কাজের প্রস্তাব ফিরিয়ে আবারও ভুল করলেন না তো শাহরুখ! ফের তাঁকে আফসোস করতে হবে না তো! সময়ই তা বলে দেবে।