সালমানের জন্যই আইফাতে নেই রণবীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান ও রণবীর কাপুর
সালমান খান ও রণবীর কাপুর

এ বছর বহু প্রতীক্ষিত অ্যাওয়ার্ড অনুষ্ঠান আইআইএফএতে নাকি থাকবেন না রণবীর কাপুর। জনপ্রিয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি এবার নিউইয়র্কে হবে। অথচ বলিউড সুপারস্টার এই সময় নিউইয়র্কেই রয়েছেন শুটিংয়ের কাজে। একই শহরে একই সময়ে উপস্থিত থেকেও কেন তিনি আইফা থেকে সরে দাঁড়ালেন?
এর পেছনে রয়েছেন সালমান খান। সাল্লু মিয়ার জন্যই নাকি রণবীর নিজেকে এই অ্যাওয়ার্ড শো থেকে দূরে রাখছেন। তবে শুধু সালমানই নন, এর পেছনে আরেকজন রয়েছেন। তিনি রণবীরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। শুধু রণবীরের নয়, ক্যাট বলিউডের সুলতানেরও যে সাবেক প্রেমিকা, তা সবারই হয়তো জানা।
সূত্রের খবর অনুযায়ী, রণবীর কখনই চান না এক ছাদের তলায় তাঁদের তিনজনের অর্থাৎ সালমান, ক্যাটরিনা ও তাঁর মোলাকাত হোক। তিনি আইফাতে উপস্থিত থাকলে সংবাদমাধ্যমের তীক্ষ্ণ নজর তাঁদের দিকেই থাকার সম্ভাবনা বেশি। আর তাঁদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম পরে গরমাগরম রসালো খবর পরিবেশন করবে।
ক্যাটের সঙ্গে রণবীরের সম্পর্ক এখন বেশ স্বাভাবিক। ‘জাগগা জাসুস’ ছবির প্রচার উপলক্ষে সাবেক দুই প্রেমিক যুগলের সম্পর্কের বরফ এখন অনেকটাই গলে পানি হয়েছে। কিন্তু সাল্লু ভাইয়ের সঙ্গে রণবীরের সম্পর্কের প্রাচীর ক্রমশ উঁচু হচ্ছে। দুজন দুজনের মুখোমুখি পর্যন্ত হতে চান না। সম্প্রতি মেহেবুব স্টুডিওতেও একে অপরের সঙ্গে দেখা হলে না দেখার ভান করে পরস্পরকে এড়িয়ে চলে যান। আজ অবধি সালমান ও রণবীরকে একই ফ্রেমে কখনো নাকি দেখা যায়নি। তবে ক্যাটের সঙ্গে তাঁর সাবেক প্রেমিক সালমানের সম্পর্ক এখন বেশ মাখো মাখো। কিছুদিন আগে এক সাংবাদিক সম্মেলনে বলিউড সুন্দরী বলেন, ‘অনুগ্রহ করে বরুণকে ছাড়ুন আলিয়ার জন্য, আর সালমানকে আমার জন্য।’ যত দূর জানা গেছে, আইফার মঞ্চে আলিয়া-বরুণ এবং ক্যাটরিনা-সালমানের ধামাকেদার পারফরম্যান্স দেখা যাবে। আর সত্যি বলতে কি, সাল্লু-ক্যাট একই মঞ্চে—এ দৃশ্যটা দর্শক আসনে বসে রণবীরের পক্ষে হজম করাও খুব কষ্টের। তাই সবকিছু থেকে দূরে থাকতে তিনি নিজের কাজকেই বেছে নিয়েছেন। একদিকে ক্যাট-সাল্লু মঞ্চে ঝড় তুলবেন, অন্যদিকে রণবীর ব্যস্ত থাকবেন রাজকুমার হিরানির ছবির শুটিংয়ে। সঞ্জয় দত্তের ওপর নির্মিত এই বায়োপিকটির জন্য এই বলিউড তারকা রাত-দিন টানা কাজ করে চলেছেন।