সালমানের দুই নায়িকা?

সময় খুবই ভালো যাচ্ছে সালমানের। বিগত সব কটি ছবিই সুপার ডুপার হিট, মামলা থেকে মুক্তি, প্রেমিকার সঙ্গে সম্পর্কে পারিবারিক স্বীকৃতি—এতসব ভালো খবরের নায়ক সালমান এবার এক ছবিতে দুই নায়িকার সঙ্গে অভিসারে যাওয়ার সুযোগ পেয়েছেন।
একটা খবর বেশ কয়েকবার শিরোনাম হয়েছে, ‘দাবাং’-এ সালমানের বিপরীতে সোনাক্ষীকে দেখা যাবে না। জোর জল্পনা ছিল, সোনাক্ষীর পরিবর্তে ‘দাবাং’-এ দেখা যাবে পরিণীতি চোপড়াকে। খবরটা কতটা ঠিক?
পরিষ্কার করলেন ‘দাবাং’ সিনেমার প্রযোজক আরবাজ খান নিজেই। সম্প্রতি এসব গুঞ্জনকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘দাবাং থ্রি’-এ প্রধান নায়িকার ভূমিকায় থাকছেন সোনাক্ষীই।
তাহলে পরিণীতি চোপড়ার খবরটি ভুয়া?
আরবাজ এ বিষয়টিকে ধোঁয়াশার মধ্যে রাখলেন, এবার দুই নায়িকার সঙ্গে অভিসারে যাবেন চুলবুল পাণ্ডে। তবে সোনাক্ষী ছাড়া অন্য কোনো নায়িকাকে দেখা যাবে সিনেমায়, তা এখনই কিছু স্পষ্ট করে জানাননি আরবাজ। আরবাজের ঘনিষ্ঠ মহলের মতে, ছবির দ্বিতীয় নায়িকা এখনো বেছেই উঠতে পারেননি পরিচালক।
এটা নিশ্চিত, পর্দায় দুই নায়িকার সঙ্গে অভিসারে যাচ্ছে সালমান। একজন সোনাক্ষী। অন্যজন কে, জানতে হলে থাকতে হবে অপেক্ষায়। টাইমস অব ইন্ডিয়া, ফিল্মফেয়ার অবলম্বনে।