সালমানের ফিলিস্তিনি ভক্তরা

ফিলিস্তিনিদের কাছে সাল্লু যে কতটা প্রিয়, সেটা কি জানতেন সালমান খান? ১০ সদস্যের একটি ফিলিস্তিনি নাট্যদলের সঙ্গে দেখা না হলে হয়তো তথ্যটা সালমানের জানাই হতো না। দিল্লির জন নাট্য মঞ্চের সঙ্গে যৌথভাবে একটি নাটক করেছে ফিলিস্তিনি ফ্রিডম থিয়েটার। তারা এখন ভারতের ১০টি শহরে পরিবেশন করবে এই নাটক। শিল্পীদের মধ্যে কথোপকথনেই প্রকাশিত হলো, তারা সবাই সালমানের বড় ভক্ত!
এ নাটকের নির্দেশক ও অভিনেতা সুধান্ভা দেশপাণ্ডে যখন এ খবর শুনলেন, তখন তিনি দ্রুত চলে গেলেন তাঁর ছেলেবেলার বন্ধু কবির খানের কাছে। কবির খান হলেন ‘বজরঙ্গি ভাইজান’ ছবির পরিচালক। দুজনের মধ্যে কথা হলো। তাঁরা ঠিক করলেন সালমানের সঙ্গে এই ফিলিস্তিনি শিল্পীদের দেখা করিয়ে দেবেন।
কবির খানের সহযোগিতায় দিল্লির এক পাঁচতারা হোটেলে মঙ্গলবার বিকেলে ফিলিস্তিনি অভিনয়শিল্পীরা দেখা পেলেন সালমান খানের। সালমান তাঁদের কথা শুনলেন বিনয়ের সঙ্গে, আগ্রহ দেখালেন ফিলিস্তিনি নাটকের ব্যাপারে। নাট্যদলটি সালমানকে একটি কেফিইয়েহ (ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সুতির স্কার্ফ, যা ফিলিস্তিনি পুরুষেরা কোনো উৎসবে পরেন) উপহার দেন।
সন্ধ্যায় নিজেদের নাটকে অংশ নেওয়ার আগে ফিলিস্তিনি দলটি সালমানের সিনেমার শুটিংও দেখে যান। বিদায়বেলায় শিল্পীরা সাল্লুকে বলেন, ‘ফিলিস্তিনে দেখা হবে।’
সালমানও দেন চমৎকার উত্তর, ‘কবির খানকে নিয়ে যান। সে তাহলে সেখানে একটি সিনেমা বানাবে।’ মুম্বাই মিরর।