সালমানের সাফাই গাইলেন না আমির!

‘ধর্ষণের শিকার নারী’ নিয়ে করা মন্তব্যের ব্যাপারে এখনও স্পষ্টভাবে মুখ খোলেননি সালমান খান, ক্ষমা চাওয়া তো দূরের বিষয়। তবে তাঁর সহকর্মী তারকা শিল্পীরা কিন্তু বসে নেই। কেউ সাল্লুর পক্ষ নিয়ে গাইছেন তাঁর সাফাই, কেউ আবার সালমানকে দিয়ে দিচ্ছেন ‘অবিবেচক’-এর তকমা। এবার তাঁরই কাছের বন্ধু ও বলিউড তারকা আমির খান কথা বললেন এই বিতর্ক নিয়ে। কিন্তু মুখ খুলেই অবাক করে দিলেন সবাইকে। কারণ তিনি সালমান খানের পক্ষ নেননি। বরং তিনি এই মন্তব্যের সমালোচনা করলেন। বললেন, ‘আমি মনে করি সে যা বলেছে তা খুবই দুভার্গ্যজনক ও স্পর্শকাতর।’

আমির খান তাঁর নতুন ছবি ‘দাঙ্গাল’-এর পোস্টার উন্মোচনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন। গত সোমবার মুম্বাইেয় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সালমান ও শাহরুখ খানের সাম্প্রতিক সাইকেল ভ্রমণ নিয়েও মন্তব্য করেন। তিনি হাসতে হাসতে বলেন, ‘ওঁদের তো ব্যাপারই আলাদা। ওঁরা তো সত্যিকার অর্থেই তারকা। সালমান কিংবা শাহরুখ কোনো রুমে ঢুকলেই বোঝা যায়, কতটা তারকাসুলভ কারিশমা আছে তাঁদের। আমি রুমে ঢুকলে মনে হয়, কোনো ওয়েটার বুঝি ঘরে ঢুকল।’
নিজেকে ‘ওয়েটার’-এর সঙ্গে তুলনা করে সঙ্গে সঙ্গে আমির জিভ কেটে ক্ষমা চেয়ে বসেন। বলেন, ‘দুঃখিত। কেউ কিছু মনে করবেন না। আমি কিন্তু ওঁদের তারকা, আর নিজেকে ওয়েটার বলে কোনো পেশাকে খাটো প্রমাণ করতে চাইছি না। বরং এই পেশার মানুষগুলো আমাদের চেয়ে বেশি পরিশ্রমী হয়।’
‘দাঙ্গাল’ ছবি মুক্তি পাবে ২৩ ডিসেম্বর। সম্প্রতি আমির খান তাঁর টুইটার পেইজে এ ছবির পোস্টার দিয়ে লিখেছেন, ‘আমার মেয়েরা কোনো ছেলের চেয়ে কি কম নাকি?’ পোস্টারে আমিরের সঙ্গে এ ছবিতে আমিরের মেয়ে চরিত্রে অভিনয় করা চার অভিনেত্রী ফাতিমা শেখ, সানইয়া মালহোত্রা, জারা ওয়াসিম ও সুহানি ভাটনাগারকেও প্রথমবারের মতো দেখা গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।