সাল্লুর সমাদরে এলি

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘অখ্যাত’ মিকি ভাইরাস ছবিতে অভিনয় করেছেন, ‘বিগ বস-৭’-এর একজন প্রতিযোগী তিনি—বলিউডপাড়ায় সুইডিশ অভিনেত্রী এলি আভরামের পরিচয় এতটুকুই। তবু তাঁকে ঘিরে আলোচনার শেষ নেই। কেন? কারণ, সালমান খানের সম্ভাব্য প্রেমিকার তালিকায় আছে তাঁর নাম! ২০১৩ সাল থেকেই কানাঘুষা চলছে। সে সময় সালমান বলেছিলেন, তাঁর ‘সদ্য সাবেক’ প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে মিল আছে বলেই এলির প্রতি তাঁর আগ্রহ একটু বেশি। এদিকে ক্যাটরিনা খবর শুনে বলেছিলেন, ‘এলি আভরাম! সে আবার কে?’
গত দুই বছরে সালমানকে ঘিরে কত গুজবই এল-গেল, এলিকে নিয়ে গুঞ্জন থামেনি এখনো। জানা গেছে, সুইডিশ সুন্দরী এখনো সাল্লুর কাছে ‘বাড়তি খাতির’ পাচ্ছেন। সম্প্রতি এলি আভরামের নিরাপত্তায় দেহরক্ষী ঠিক করে দিয়েছেন সালমান। একটি সূত্র জানিয়েছে, পাঁচ মাস ধরে পানভেলে অবস্থিত সালমানের খামারবাড়িতে এলি অতিথি হয়ে আছেন। মনে হচ্ছে, দাবাং তারকা তাঁর সুইডিশ অতিথির দেখভালের সব রকম দায়িত্বই পালন করছেন! হিন্দুস্তান টাইমস।