সাহস দেখালেন নওয়াজ!

সানি লিওনের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেলে যেন অজানা এক জুজুবুড়ির ভয়ে গুটিসুটি হয়ে পড়েন বলিউডের প্রথম সারির অভিনেতারা। কিন্তু এর ব্যতিক্রম বোধ হয় ‘মাঝি’খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। শিগগিরই বলিউডের বড়পর্দার জন্য এই আলোচিত অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে তাঁকে। সানির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা।
বলিউডের ছবিতে সানি লিওনের প্রতিষ্ঠিত ‘বিশেষত্ব’ আর নওয়াজের অভিনয়ের গুরুত্ব— এ দুই মিলিয়ে যে ছবি নির্মিত হতে যাচ্ছে তাতে যে এই জুটি অসাধারণ কিছু প্রমাণ করবেন অন্তত এমনটাই বিশ্বাস করছেন ছবির প্রযোজনার সঙ্গে জড়িতরা। সোহাইল খানের পরবর্তী ছবিতে নওয়াজউদ্দিন ও সানি লিওন জুটির দেখা মিলবে বলে জানিয়েছে মুম্বাইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
‘মাঝি দ্য মাউন্টেন ম্যান’ ছবিতে ‘দশরথ মাঝি’ চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন। বাস্তবে তাঁর বেড়ে ওঠাও এই দশরথ মাঝির জীবনের মতোই। এক সাধারণ কৃষক পরিবারের সন্তান নিজেকে আজ প্রতিষ্ঠিত করেছেন বলিউডে। সর্বশেষ সালমান খানের ‘বজরঙ্গী ভাইজান’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন এই অভিনেতা।
এদিকে, ‘জিসম ২’ ছবির মাধ্যমে ২০১২ সালে বলিউডে চলচ্চিত্রের জমিনে পা রেখেছিলেন সানি লিওন। সানি এরপর অভিনয় করেছেন ‘জ্যাকপট’ ও ‘রাগিণী এমএমএস ২’ ছবিতে। বলিউডের ক্যারিয়ার বিবেচনা করলে এরই মধ্যে বছর তিনেক পেরিয়ে গেছেন সানি লিওন। যদিও বলিউডের ছবির জগতে এখনো অনেকটাই কোণঠাসা হয়ে আছেন তিনি। সানি লিওনের ‘এক পেহলি লীলা’ ছবিটি মুক্তি পেয়েছে এপ্রিলে। সেসময় সানির বিপরীতে অভিনয়ের জন্য একাধিক তারকা অভিনেতাকে প্রস্তাব দেওয়া হলেও তাঁরা রাজি হননি। সানির ভাবমূর্তির কারণেই অভিনয়ে অস্বীকৃতি জানিয়েছিলেন তাঁরা। এবার নওয়াজউদ্দিন সিদ্দিকী সানির বিপরীতে অভিনয়ে সম্মতি জানালেন। টাইমস অব ইন্ডিয়া।