সাহসী সামান্থা
জীবনের ক্ষেত্রে সাহসী পদক্ষেপ নিয়েছেন দক্ষিণি নায়িকা সামান্থা রুথ প্রভু। এবার পর্দায় তাঁকে সাহসী হয়ে উঠতে দেখা যাবে। নতুন ছবিতে যুক্ত হচ্ছেন এই দক্ষিণ ভারতীয় অভিনেত্রী।
সামান্থা শিগগিরই তাঁর আন্তর্জাতিক প্রকল্পের কাজ শুরু করবেন। বাফটাজয়ী পরিচালক ফিলিপ জন এই ছবির পরিচালক। তিনি ‘ডাউনটন অ্যাবি’ ও ‘দ্য গুড কর্মা হসপিটাল’ সিরিজের বেশ কয়েকটি পর্ব পরিচালনা করেছেন। সামান্থার নতুন এই ছবির নাম ‘অ্যারেঞ্জমেন্টস অব লাভ’।
‘অ্যারেঞ্জমেন্টস অব লাভ’ প্রযোজনা করছে গুরু ফিল্মস। এর আগে এ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘ওহ! বেবি’ ছবিটি বানানো হয়েছিল।
সেখানেও নায়িকা ছিলেন সামান্থা। ২০০৪ সালের সর্বাধিক বিক্রি হওয়া একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হবে ছবিটি। উপন্যাসটি লিখেছেন টিমেরি এন মুরারি।
ছবিতে সামান্থা একজন তামিল উভকামী নারী, যিনি একটি ডিটেক্টিভ এজেন্সি চালান। একটা রক্ষণশীল পরিবার থেকে উঠে এসেছেন তিনি। কিন্তু তিনি নিজেকে একজন স্বাধীন ও শক্তিশালী মানসিকতার অধিকারী এক নারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রটি তৈরি করা হয়েছে একজন ওয়েলশ-ভারতীয়কে কেন্দ্র করে। যিনি তাঁর মাতৃভূমিতে তাঁর বাবাকে খুঁজতে আসেন। বাবাকে খোঁজার সঙ্গে জড়িয়ে পড়ে সামান্থার চরিত্রটি।
সামান্থা মার্কিন সাময়িকী ‘ভ্যারাইটি’কে বলেন, ‘“অ্যারেঞ্জমেন্টস অব লাভ” ছবিতে সফর শুরু করার মাধ্যমে আজ আমার জন্য একটা নতুন জগৎ খুলে গেল। একদমই ব্যক্তিগত একটি গল্পের ছবি এটি। আমি খুবই রোমাঞ্চিত ফিলিপ জনের সঙ্গে কাজ করার জন্য।
“ডাউনটন অ্যাবি”র ভক্ত হওয়ার মাধ্যমে যাঁর প্রকল্পগুলো আমি খুবই কাছ থেকে বছরের পর বছর অনুসরণ করেছি। সুনিতার সঙ্গে আবারও একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আগের ছবি “ওহ! বেবি”র থেকেও আরও বেশি সাফল্য আসবে বলে আশা করি। আমার চরিত্রটি খুবই জটিল। আমার জন্য এ চরিত্রে অভিনয় করা হবে একাধারে চ্যালেঞ্জিং, আবার একটি সুযোগও বটে। আমার শুটিং সেটে যাওয়ার আর তর সইছে না।’
সামান্থা রুথ প্রভু অ্যামাজন প্রাইম ভিডিও ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর দ্বিতীয় মৌসুম দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার একটি প্যানেল আলোচনায় সম্প্রতি সামান্থা বলেন, ‘সাধারণত নারী অভিনেত্রীদের একই ধরনের চরিত্র পাওয়ার প্রবণতা দেখা যায়। সেই চরিত্রগুলোতে অভিনয় করা কঠিন হয়ে পড়ে। কারণ, আপনার পারফরম্যান্স পুনরাবৃত্তি হওয়ার একটা ভয় থাকে। “রাজি” চরিত্রটি ছিল আলাদা ও রোমাঞ্চকর। এটা আমাকে নতুন মাত্রা অন্বেষণ করার সুযোগ দিয়েছে।’
সামান্থা রুথ প্রভুর হাতে বেশ কিছু ছবি আছে। এর মধ্যে ‘শকুন্তলম’ ও ‘কাথু ভাকুলা রেন্ডু কাধাল’-এর নাম বলা যায়।