সিংহাম, সিম্বা, সূর্যবংশী, তারপর...
চেয়েছিলেন পুলিশ হবেন। ভাগ্য তাঁকে নিয়ে এসেছে রুপালি পর্দায়। তবে পুলিশ হওয়ার ইচ্ছা মিটিয়েছেন অন্যভাবে। রুপালি পর্দায় পুলিশ নিয়ে তৈরি করেছেন জনপ্রিয় সিনেমা সিরিজ। বক্স অফিসেও তা ধুন্ধুমার হিট। এবার পরিচালক রোহিত শেঠির চোখ ওটিটিতে। সেখানেও নাকি তাঁর মনযোগ পুলিশকে কেন্দ্র করেই।
‘সিংহাম’–এর কথা কে না জানে। বক্স অফিসে হিট আবার জনপ্রিয়ও দর্শকের কাছে। সিংহামরূপী মারকুটে পুলিশ অফিসার অজয় দেবগনও জনপ্রিয় বলিউডে। ‘সিংহাম’–এর পর এসেছে ‘সিংহাম রিটার্নস’। ‘সিংহাম’–এর জনপ্রিয়তায় রোহিতও অনুপ্রেরণা পেয়েছেন। তাঁর ইচ্ছা পুলিশ ইউনিভার্স তৈরি। পুলিশকে কেন্দ্র করেই হবে নানা ছবি।
সেই সূত্র ধরে পুলিশ ইউনিভার্সে রোহিত হাজির করেছেন দ্বিতীয় ফ্রাঞ্চাইজি ‘সিম্বা’ নামে। এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে রণবীর সিংকে। পুলিশ ইউনিভার্সে রোহিত যুক্ত করেছেন অক্ষয় কুমারকেও। ‘সূর্যবংশী’ ছবিতে পুলিশ অফিসার হিসেবে আসছেন অক্ষয়। দিন দিন এই ইউনিভার্স বেড়েই চলছে। শোনা গেছে, নারী পুলিশ অফিসার রূপে দীপিকা পাড়ুকোনও নাকি যুক্ত হবেন এই জগতে। শুধু তাই নয়, কখনো শোনা গেছে চুলবুল পান্ডেরূপী সালমান খানও অতিথি হিসেবে হাজির হতে পারেন রোহিতের পুলিশ বিশ্বে। তবে এবার এলো নতুন খবর।
পুলিশ বিশ্ব’ এবার ছড়িয়ে পড়বে ওটিটি প্ল্যাটফর্মেও। ওয়েব সিরিজটি নিয়ে আসছেন এই অ্যাকশন ঘরানার পরিচালক। আপাতত খবর এটাই। ওয়েব সিরিজটি হবে পুলিশকে নিয়ে। আট পর্বের ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তার চরিত্রে কাকে দেখা যাবে, এ নিয়ে আলোচনা চলছে। আপাতত রোহিতের পছন্দ ভিকি কৌশল, সিদ্ধার্থ মালহোত্রা ও টাইগার শ্রফকে। এই তিনজনের একজনকেই দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। ওয়েব সিরিজের প্রধান দায়িত্বে থাকবেন রোহিতের সহকারী সুশান্ত প্রকাশ।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ওয়েব সিরিজটি নিয়ে। ডিসেম্বরের দিকে শুটিং শুরু হতে পারে এটির। রোহিত এখন ব্যস্ত ‘সার্কাস’ ছবি নিয়ে। সেখানে দেখা যাবে রণবীর সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ ও পূজা হেগড়েকে।