সিঙ্গাপুরে বাংলাদেশের শিল্পীদের অনুষ্ঠান
১৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টারে আয়োজন করা হচ্ছে ‘আশিয়ান গ্রুপ অ্যানুয়াল কালচারাল নাইট সিঙ্গাপুর’। যৌথভাবে আয়োজন করছে অরেঞ্জ ৩৬০ লিমিটেড ও কানেকটিং এজ। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এ অনুষ্ঠানে অংশ নিচ্ছে এলআরবি, সফি মণ্ডল, সজল, বাঁধন, নায়লা নাঈম এবং শায়লা আহমেদ ও তাঁর ভঙ্গিমা নৃত্যগোষ্ঠী। আরও থাকছে আলীরাজের জাদু।
কানেকটিং এজের সিসিও শরিফ সাব্বির বলেন, ‘বিদেশে অবস্থানরত প্রবাসী বাঙালিদের বিনোদন দেওয়ার জন্য আমাদের এ আয়োজন।’ অরেঞ্জ ৩৬০-এর নির্বাহী পরিচালক সাব্বির হোসেন বলেন, ‘দেশীয় সংস্কৃতি থেকে প্রবাসীরা বঞ্চিত। তাঁদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে এ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছি।’
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রাঁধুনী, এয়ারলাইনস পার্টনার রিজেন্ট এয়ারওয়েজ এবং সহযোগিতায় প্রথম আলো।
সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানটির টিকিট বিক্রি হচ্ছে। অনুষ্ঠানের দিন সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টার ভেন্যু থেকে টিকিট পাওয়া যাবে। অনুষ্ঠান শুরু হবে সিঙ্গাপুর সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।