সিদ্ধার্থর রাতের ঘুম কেড়ে নেন অমিতাভ!

২০১৭ সাল সিদ্ধার্থ মালহোত্রার জন্য খুব ভালো একটা বছর ছিল। তাই নতুন বছরের শুরুতে দারুণ খোশমেজাজে পাওয়া গেল তাঁকে। এই মুহূর্তে তিনি ব্যস্ত নতুন ছবি ‘আইয়ারি’র প্রচারণা নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন নীরজ পাণ্ডে। ছবিতে সিদ্ধার্থ সেনাবাহিনীর একজন তরুণ কর্মকর্তা। প্রচারণার সময় প্রথম আলোর সঙ্গে কথা হয় তাঁর। এ সময় নিজের জীবনে সবচেয়ে আবেগঘন কিছু মুহূর্তের কথা বললেন সিদ্ধার্থ। জানালেন, অমিতাভ বচ্চন নাকি তাঁর রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন!
শুরুতেই গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রসঙ্গ। এই উৎসবে মঞ্চে বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের ‘ঝুমা চুম্মা দে দে’, ‘খাইকে পান বানারসওয়ালা’সহ কয়েকটি গানের সঙ্গে নাচ করেন সিদ্ধার্থ। এই তরুণ নায়কের নাচ দর্শকসারিতে বসে উপভোগ করেন অমিতাভ বচ্চন। শেষে তিনি নিজে গিয়ে সিদ্ধার্থর সঙ্গে দেখা করেন এবং তাঁর নাচের ভূয়সী প্রশংসা করেন। এ সময় অমিতাভ বলেন, ‘ভাগ্যিস সিদ্ধার্থ আমার সময় জন্মাননি। তাহলে আমাকে ও টেক্কা দিত।’
এ তো দারুণ ব্যাপার! অমিতাভ নিজে এমন প্রশংসা করেছেন। কেমন ছিল সেই মুহূর্ত? সিদ্ধার্থ বলেন, ‘ওটা ছিল আমার জীবনের সেরা মুহূর্ত। সে এক দারুণ স্মৃতি! মিস্টার বচ্চনের নাম শুনে আমি গোয়ায় পারফর্ম করতে রাজি হয়েছি। আমার হাতে একদম সময় ছিল না। কিন্তু তাঁর গানে নাচ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। তাই পরে তারিখ ম্যানেজ করি। ছোটবেলা থেকে তিনি আমার হিরো। তাঁর ছবির গানের সঙ্গে নাচব, এটা ভেবেই উত্তেজিত ছিলাম। শুধু তা-ই নয়, তাঁর সামনে পারফর্ম করব!’

সিদ্ধার্থ আরও বলেন, ‘এই অনুষ্ঠানে আমার নিজের ছবির গানের সঙ্গেও নেচেছি। তবে মিস্টার বচ্চনের গানগুলোর সঙ্গে নাচ অনেক প্র্যাকটিস করেছি। তাঁর স্টেপগুলো ভালো করে নকল করেছিলাম। কস্টিউমের ওপর জোর দিয়েছি। পারফরম্যান্সের পর মিস্টার বচ্চন নিজে ব্যাক স্টেজে এসে আমার সঙ্গে দেখা করেন। বললেন, “আমার নাচ এত ভালো করে অনুকরণ করলে কীভাবে?” ওই সময় মনে হয়েছিল, মিস্টার বচ্চনকে সেই পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে গেছি। আমার নাচ যেন তাঁর সেই স্মৃতিকে উসকে দিয়েছে। মিস্টার বচ্চন তাঁর সেই গানগুলোর শুটিংয়ে কিছু স্মৃতি বললেন। আমার নাচ তাঁর হৃদয় ছুঁয়ে গেছে, তা ভেবে সেই রাতে উত্তেজনায় ঘুমাতে পারিনি।’
সিদ্ধার্থ এ প্রসঙ্গে আরও বলেন, ‘দিল্লিতে অমিতাভ বচ্চনের ছবি দেখে বড় হয়েছি। আমাকে পরিচিত একজন তাঁর অভিনীত “হাম”, “খুদা গাওয়া”, “চুপকে চুপকে” ছবির ভিডিও ক্যাসেট উপহার দিয়েছিল। ভিসিআরে এই সিনেমাগুলো বারবার দেখতাম। তাঁর ছবির গান আজও সমান জনপ্রিয়। নাইট ক্লাবে “ঝুমা চুম্মা দে দে”র সঙ্গে আজও সবাই নেচে ওঠে।’
পরিচালক নীরজ পাণ্ডে পরিচালিত ‘আইয়ারি’ ছবিটি শিগগিরই মুক্তি পাবে। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যাবে সাবেক ভারত-সুন্দরী রাকুল প্রীতকে। এ ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, অনুপম খের, নাসিরউদ্দিন শাহ প্রমুখ।