সিনেমা হলে পটকা!

এবার ঈদে বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি ছিল কবির খানের ‘টিউবলাইট’। গত ঈদের জন্যও তিনি সালমান খানকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘বজরঙ্গি ভাইজান’। সেই ছবিটি সুপারহিট হয়েছিল। কিন্তু ‘বজরঙ্গি ভাইজান’ এর তুলনায় ‘টিউবলাইট’ দর্শক-সমালোচক সবাইকেই খুব হতাশ করেছে। কিন্তু সালমান ভক্তরা তাঁর ছবির এমন দশা মেনে নেবেন কেন? ‘ভাইজান’-এর ছবি মুক্তি পেয়েছে এটিই তাঁদের জন্য বড় খবর। অতি উৎসাহী একদল ভক্ত সালমানের নতুন এই ছবি প্রদর্শনের সময় সিনেমা হলে পটকা ফুটিয়েছে। সম্প্রতি ইন্টারনেটে সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের মালেগাঁও শহরের একটি হলে এই পটকা ফোটানোর ঘটনা ঘটেছে। প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, পর্দায় সালমান খানকে দেখার পর উত্তেজিত কিছু ভক্ত পটকা ফোটাতে আরম্ভ করেন। সে সময় হলে উপস্থিত অনেকে আতঙ্কে চিৎকার করতে থাকে। কেউ কেউ আবার এ ঘটনায় যেন আরও বেশি উচ্ছ্বসিত বোধ করছিলেন। জোরে শিস বাজাতেও শোনা যায় অনেককে।
এর আগেও কয়েকবার সালমান খানের ছবি চলার সময় সিনেমা হলে তাঁর অনেক অন্ধ ভক্ত পর্দার সামনে টাকা বা ফুল ছিটিয়ে পত্রিকার শিরোনাম হয়েছিলেন। কিন্তু পটকা ফোটানোর ঘটনা এবারই প্রথম ঘটল। আর একই শহরের অন্য একটি হলে গত বছর করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অতিথি চরিত্রে শাহরুখ খানের দৃশ্য পর্দায় ভেসে ওঠার সঙ্গে সঙ্গে পটকা ফুটিয়েছিলেন একজন দর্শক।
‘টিউবলাইট’ মুক্তি পেয়েছে ২৩ জুন। দিন দিন এ ছবির আয় নিচের দিকে নামছে। সালমান ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সোহেল খান, চীনা অভিনেত্রী চু চু ও শিশুশিল্পী মাতিন রে টাঙ্গু। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।