সীমান্ত কোনো বাধা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাওয়াদ খান
ফাওয়াদ খান

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের মতে, ১৯৪৭ সালে দেশভাগের সময় যা হয়েছে, সেটি এখন ভুলে যাওয়ার সময় হয়েছে। ভারত ও পাকিস্তানের সাংস্কৃতিক মিলগুলোই সেটা ভুলিয়ে দিতে পারে। পাকিস্তানে ভারতীয় ছবি প্রদর্শনকেও ইতিবাচকভাবে দেখেন এই অভিনেতা। 

ফাওয়াদ নিজে এখন বলিউডে ব্যস্ত হচ্ছেন। ‘খুদা কে লিয়ে’, ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিগুলোর পর এখন তিনি কাজ করছেন করন জোহর পরিচালিত ছবি ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবিতে। ছবিটিতে তাঁর সহশিল্পী ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর ও আনুশকা শর্মা। আগামী ২৮ অক্টোবর এটি মুক্তি পেতে পারে।
ফাওয়াদ জানালেন, শুধু পাকিস্তানি অভিনয়শিল্পীরা ভারতে কাজ করেছেন, এমন নয়। ভারতীয় অভিনয়শিল্পী ও নির্মাতারাও পাকিস্তানের ছবিতে কাজ করতে চাইছেন।
তবে কি খুব শিগগির ললিউডের (পাকিস্তানের চলচ্চিত্রশিল্প) ছবিতে বলিউডের অভিনেতাদের দেখা যাচ্ছে?
ফাওয়াদ বলেন, মহেশ ভাট ও মুকেশ ভাটের মতো নির্মাতারা ও নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহের মতো অভিনয়শিল্পীরা কাজের ক্ষেত্রে সীমান্তের বাধা মানতে চাইছেন না। তবে তাঁর কথায়, ‘এটি হতে হয়তো কিছুটা সময় লাগতে পারে।’ এমিরেটস টোয়েন্টিফোর/সেভেন অবলম্বনে।