সুইজারল্যান্ডে ভারতীয় নির্মাতার ব্রোঞ্চমূর্তি

বলিউড সিনেমার দর্শকদের চোখ জুড়োতে তাঁর ছিল বিশেষ প্রচেষ্টা। সুইজারল্যান্ডের নয়নাভিরাম সব লোকেশনে সিনেমার দৃশ্য ধারন করতেন খ্যাতিমান ভারতীয় নির্মাতা যশ চোপড়া। সেটা সেই নব্বইয়ের দশকের শুরু থেকে। ভারতীয় দর্শকদের চোখ জুড়ানোর পাশাপাশি তাঁর এ প্রচেষ্টা সম্মানিত করেছে সুইজারল্যান্ডকে। বেড়ে গিয়েছিল সেখানকার পর্যটক। সেজন্য এই নির্মাতাকে সম্মানও জানিয়েছে দেশটি।
গত বৃহস্পতিবার সুইস সরকার সুইজারল্যান্ডে বসিয়েছে যশের একটি ব্রোঞ্জ মূর্তি। ২৫০ কেজির ব্রোঞ্জের এ মূর্তি উদ্বোধনে উপস্থিত ছিলেন পরিচালকের স্ত্রী পামেলা চোপড়া ও পুত্রবধূ রানী মুখার্জিসহ সুইজারল্যান্ডের বেশ ক’জন মন্ত্রী ও সরকারি কর্মকর্তা।
এর আগে ২০১১ সালে দেশটি থেকে অ্যামবাসেডর অব ইন্টারল্যাকেন সম্মাননা পেয়েছেন যশ চোপড়া। ইয়ংফ্রাউ রেলওয়ের একটি ট্রেনেরও নামকরণ করা হয়েছে তাঁর নামে। এ ছাড়া ইন্টারল্যাকেনের পাঁচতারকা হোটেল ভিক্টোরিয়া ইয়ংফ্রাউ গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা-এর একটি স্যুটেরও নামকরণ করা হয়েছে এই পরিচালকের নামে।
‘সিলসিলা’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘ভির জারা’সহ জনপ্রিয় বহু ছবির নির্মাতা যশ চোপড়া যশরাজ ফিল্মস-এর প্রতিষ্ঠাতা। ২০১২ সালের ২১ অক্টোবর মারা যান এই পরিচালক। বলিউড লাইফ