সুজানে-অর্জুন আবারও আলোচনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুজানে খান ও অর্জুন রামপাল
সুজানে খান ও অর্জুন রামপাল

নিন্দুকেরা বলে বেড়াচ্ছিলেন, হৃতিক-সুজানের ঘর ভাঙার পেছনে মূল ভূমিকা ছিল অর্জুনের। কারণ সুজানের সঙ্গে বলিউডের সুদর্শন নায়ক অর্জুন রামপালের কথিত প্রণয়। সুজানে-অর্জুন দুজনেই অবশ্য তাঁদের এই সম্পর্কের কথা বরাবরই অস্বীকার করে এসেছেন। এ দুজন বিয়ে করছেন— মাঝে এমন কথাও রটেছিল আর সম্প্রতি দুজনকে একসঙ্গে একটি ক্যাফেতে দেখতে পাওয়ার পর এই সন্দেহ আরও তীব্র হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরালায় এই দুজনকে বেশ কিছুটা সময় একসঙ্গে কাটাতেই দেখা গেছে।
কিন্তু সুজানে আবারও দাবি করেছেন— এ সব রটনা। অর্জুনকে বিয়ে তিনি করছেন না। তাঁর বক্তব্যের সঙ্গে সুজানে আরও যোগ করেছেন, তিনি একজন গর্বিত ‘সিঙ্গল মাদার’।
সুজানে খানের সঙ্গে হৃতিক রোশনের ১৩ বছরের বিবাহিত জীবন ভেঙে গেছে স্রেফ অর্জুন রামপালের কারণেই— অনেক দিন ধরে এমন কথাই বলিউডের বাতাসে উড়ছিল। দিনকয়েক আগে ভারতীয় সংবাদমাধ্যমে একটি খবর ছড়ায় যে, দুই সন্তানের মা সুজানে খুব শিগগিরই হৃতিকের এক ঘনিষ্ঠ বন্ধুকে বিয়ে করতে চলেছেন। আর এর পরপরই মুম্বাইয়ের এক কফিশপে অর্জুন-সুজানেকে একসঙ্গে দেখা যায়। তবে এ সমস্ত কিছুকেই নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন সুজানে। শুধু তাই নয়; হৃতিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই যে বিভিন্ন সংবাদমাধ্যম তাঁকে ও অর্জুনকে জড়িয়ে এ ধরনের খবর ছড়াচ্ছিল— এ জন্য সংবাদমাধ্যমগুলোকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও মন্তব্য করেছেন সুজানে। নিজেকে একজন গর্বিত ‘সিঙ্গল মাদার’ হিসেবেও দাবি করেন তিনি। 

এদিকে, সুজানেকে জড়িয়ে যাকে নিয়ে এত কাহিনি সেই অর্জুন রামপাল বিয়ে করেছিলেন মডেল মেহের জেসিয়াকে। অর্জুন-মেহেরেরও দুটি কন্যা সন্তানও রয়েছে। আর সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যাচ্ছে এমন খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন অর্জুন। হিন্দুস্তান টাইমস। এনডিটিভি।