সুতি খাদি ফ্যাশনের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বুধবার রাতে শেষ ফ্যাশন শোতে ডিজাইনার আনিতা দোঙরের (মাঝে) সঙ্গে শহীদ কাপুর ও মীরা রাজপুত  ছবি: সংগৃহীত
বুধবার রাতে শেষ ফ্যাশন শোতে ডিজাইনার আনিতা দোঙরের (মাঝে) সঙ্গে শহীদ কাপুর ও মীরা রাজপুত ছবি: সংগৃহীত

• সব শো আর আয়োজনে ঘুরেফিরে টেকসই ফ্যাশনের গুরুত্ব।
• মঞ্চ আলো করে হাঁটেন বলিউড তারকা শহীদ কাপুর ও মীরা রাজপুত দম্পতি।
• দর্শক সারিতে ছিলেন শাবানা আজমি, ডায়ানা পেন্টিং, শামিতা শেঠিসহ অনেক তারকা।

সারা দিন যাবে টেকসই ফ্যাশনের মধ্যে দিয়ে। জানা ছিল আগেই। তার ছোঁয়া শুধু ফ্যাশন মঞ্চেই নয়, ল্যাকমে ফ্যাশন উইক সামার রিসোর্ট ২০১৮-এর দ্বিতীয় দিনে দর্শনার্থীদের সাজপোশাকেও দেখা গেল। দিনের সব শো আর আয়োজনেই ঘুরেফিরে এসেছে টেকসই ফ্যাশনের গুরুত্ব।

গত ৩১ জানুয়ারি রাতের শেষ আয়োজনের আমেজ গতকাল বৃহস্পতিবারও ছিল দর্শক আর সাংবাদিকদের কথোপকথনে। ‘গ্রীষ্মের সংগীত’ শিরোনামে আনিতা দোঙরে বর-কনের জন্য তুলে ধরেছিলেন গরম উপযোগী জমকালো পোশাকের সংগ্রহ। অন্য মডেলদের সঙ্গে মঞ্চ আলো করে হাঁটেন বলিউড তারকা শহীদ কাপুর ও মীরা রাজপুত দম্পতি। দর্শক সারিতে ছিলেন শাবানা আজমি, ডায়ানা পেন্টিং, শামিতা শেঠি, গুল পানাং, শ্রেয়া শ্যারন, সাগারিকা ঘাটকে, ইয়ামি গৌতম, ইসাবেলা কায়েফসহ অনেক তারকা।

ভারতের মুম্বাইতে ল্যাকমে ফ্যাশন উইকে গতকাল বেলা একটায় আইএমজি রিলায়েন্সের ‘নর্থ ইস্ট মোজো’ শোতে দেখা যায় ছয় ডিজাইনারের কাজ। ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কারুশিল্পীদের করা কাজ ফুটে ওঠে পোশাকে। মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা আসামের কাপড় ও বুননশিল্প উঠে আসে এই শোতে। সিকিমের পোশাক প্রদর্শনী শেষে মঞ্চে হেঁটে যান সাবেক ফুটবলার বাইচুং ভুটিয়া।

দুপুরের পর বেলা তিনটায় মূল মঞ্চে দেখানো হয় ডিজাইনার পদ্মজা কৃষ্ণান ও গোকূপের পোশাক। এতে সুতি ও লিনেনের সঙ্গে খাদির মিশ্রণে তৈরি পোশাক দেখান পদ্মজা। শাড়ির পাশাপাশি আরামদায়ক ঢিলেঢালা কাটে পোশাকগুলো বানানো। পোশাকে নকশার নাটকীয়তা ফুটিয়ে তোলেন পদ্মজা। বেনারসির ব্রোকেড, নরম জামদানি, সুতির কাপড়ে শাড়ি তৈরি করেছিল গোকূপ। গোকূপ ভারতের প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্ত ই-কমার্স ওয়েবসাইট।

অভিনবভাবে সুতির শাড়ি প্রদর্শন করলেন ডিজাইনার পাংকাজা। মডেলদের পুতুল বানিয়ে দাঁড় করিয়ে রেখেছিলেন এখানে-সেখানে। সিক্স ডিগ্রি স্টুডিওর এই একটি বিশেষ দিক। এখানে যেসব ফ্যাশন শো হয় সেগুলোর উপস্থাপন নিয়ে ডিজাইনাররা নিরীক্ষা করেন।

বিকেলে ইন ট্রানজিট নামে আরামদায়ক পোশাকের সংগ্রহ তুলে ধরলেন ডিজাইনার শান্তনু দাস। ব্যস্ত জীবনে পোশাকের কাট কেমন তাই দেখালেন তিনি। হাতে বোনা খাদির জামদানি ও ইন্ডিগো ডাইয়ের মাধ্যমে করা পোশাক মুগ্ধ করেছে দর্শকদের। একই সঙ্গে মঞ্চে ধাতবের সঙ্গে সুতির মিশ্রণে তৈরি পোশাকে দর্শকদের মুগ্ধ করলেন হেমাং আগারওয়াল।

বেশ কিছুদিন ধরেই যে সংবাদটি নজর কাড়ছিল সেটা হলো উষা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মাধ্যমে লেবেল উষা সেলাইয়ের উদ্বোধন। ভারতের রাজস্থান, পশ্চিমবঙ্গ, গুজরাট ও পদুচেরির উষা সেলাই স্কুলের নারীদের তৈরি পোশাক তুলে ধরা হলো মূল মঞ্চে। নারীর ক্ষমতায়ন ও টেকসই ফ্যাশনের ভাবনা এক করার চেষ্টা। স্থানীয় নকশাগুলো স্থানীয় পদ্ধতিতেই পোশাকে তুলে ধরা হয়েছে। তবে এই কারিগরদের নির্দেশনা দিয়েছেন ডিজাইনার অমিত ও রিচার্ড পানডেভ, সায়ন্তন সরকার, সোহাম দাভে ও শ্রিজিৎ জিভান।