সুনিধির অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনিধি চৌহান ছবি: খালেদ সরকার
সুনিধি চৌহান ছবি: খালেদ সরকার

গত সোমবার চৌত্রিশে পা রাখলেন সুনিধি চৌহান। এই দিনেই জানা গেল, নতুন এক অতিথি আসছে ভারতীয় এই কণ্ঠশিল্পীর বাড়িতে। ঢাকঢোল পিটিয়ে সেই খবর কাউকে জানাননি তিনি। শিল্পীর কাছের একজন মানুষ ফাঁস করেছেন খবরটি। মা হচ্ছেন সুনিধি চৌহান।

‘শিলা কি জওয়ানি’, ‘ক্রেজিক কিয়া রে’সহ বলিউডের বহু জনপ্রিয় আইটেম গানের শিল্পী সুনিধি। বিশাল একটি ভক্তগোষ্ঠী রয়েছে তাঁর। নির্মাতাদের অনেকের প্রত্যাশাই থাকে, আইটেম গানটিতে সুনিধিই কণ্ঠ দেবেন। প্রায়ই ঢাকায় গাইতে আসেন এই শিল্পী।

সুনিধির কাছের সেই সূত্র জানিয়েছে, হ্যাঁ, সুনিধি গর্ভধারণ করেছেন মাস পাঁচেক হলো। পরিবার ও কাছের বন্ধুদের ছাড়া কাউকেই জানাননি ব্যাপারটি। এমনকি পাপারাজ্জিদের চোখ এড়াতে বাইরে ঢুঁ মারা কমিয়েছেন। রোমাঞ্চিত তিনি। নতুন অতিথির জন্য ঘরদোর গোছাচ্ছেন। সুনিধির বাবা কিন্তু খবরটি একেবারে নিশ্চিত করে দিয়েছেন। বলেছেন, ‘সুনিধির জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমরা সবাই খুব খুশি।’

২০০২ সালে বিয়ে হয় সুনিধি চৌহান ও ববি খানের। বছর না পেরোতেই বিচ্ছেদ। এরপর ২০১২ সালে সুনিধি বিয়ে করেন সংগীত পরিচালক হিতেশ সোনিককে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।