‘সুপারকপ’ দুনিয়ায় এবার শিল্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে বলিউডের নামকরা চিত্রনির্মাতা রোহিত শেঠির ‘সুপারকপ’ দুনিয়ায় শামিল হয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। এবার এই দুনিয়ায় শামিল হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। আর তিনি রোহিতের দুনিয়ায় প্রথম নারী পুলিশ কর্মকর্তা।
‘হাঙ্গামা টু’ ছবির মাধ্যমে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন শিল্পা। তবে এবার তিনি ডিজিটাল দুনিয়ায় পা রাখার জন্য পুরোপুরি প্রস্তুত। এক স্মার্ট, দোর্দণ্ড প্রতাপশালী পুলিশ অফিসাররূপে শিল্পা ওটিটিতে আসতে চলেছেন। রোহিত শেঠি তাঁর সুপারকপ ব্রিগেডকে আরও শক্তিশালী করতে এবার নিয়ে এলেন নারী পুলিশ অফিসার। আর এই চরিত্রের সঙ্গে শিল্পা ন্যায় করবেন, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, এই মুহূর্তে তিনি বলিউডের সুপারফিট অভিনেত্রীদের একজন।

শিল্পা রোহিতের পুলিশ ব্রিগেডে শামিল হতে পেরে যারপরনাই খুশি। এই বলিউড অভিনেত্রী ইনস্টাগ্রামে তাঁর প্রথম লুক প্রকাশ্যে এনে খুশি জাহির করেছেন। শিল্পার পোস্ট করা এই ছবিতে দেখা গেছে পুলিশের পোশাকে বন্দুক হাতে তিনি। তাঁর এই লুক ভক্তরা দারুণ পছন্দ করছেন। নেট দুনিয়ায় সবাই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। শিল্পা এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে আগুন লাগানোর জন্য প্রস্তুত। অ্যাকশন কিং রোহিত শেঠির “কপ” দুনিয়ায় শামিল হতে পেরে অত্যন্ত রোমাঞ্চিত।’

সম্প্রতি রোহিত তাঁর কপ ড্রামা সিরিজের কথা ঘোষণা করেছেন। এই খ্যাতনামা পরিচালক আমাজন প্রাইম ভিডিওর সঙ্গে হাত মিলিয়ে সবচেয়ে বড় অ্যাকশন সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ নির্মাণ করছেন। এই সিরিজে সুপারকপের ভূমিকায় সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে। ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজে সিদ্ধার্থ আর শিল্পাকে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করতে দেখা যাবে। রোহিত শেঠি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই সিরিজের কথা ঘোষণা করেছেন।