সুযোগ পেলেই জ্যাকেটটা গায়ে জড়িয়ে নেন

প্রিয়াঙ্কা চোপড়াকে প্রায়ই দেখা যায়, চামড়ার তৈরি একটি জ্যাকেট পরে আছেন। এই জ্যাকেটটির আসল মালিক কে? এই প্রশ্ন অনেক দিন থেকেই ঘুরপাক খাচ্ছে। কারণ জ্যাকেটটির আসল মালিকের সন্ধান পাওয়া গেলেই নাকি প্রিয়াঙ্কার সাবেক প্রেমিকের পরিচয় জানা যাবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছেন, তাঁর পছন্দের পোশাক হলো সাবেক প্রেমিকের কাছ থেকে অনেকটা জোর করে রেখে দেওয়া একটি জ্যাকেট। তিনি বলেন, ‘বলতে পারেন প্রায়ই আমি এই জ্যাকেটটার সঙ্গে থাকি। জ্যাকেটটা আমার প্রাক্তন বয়ফ্রেন্ডের। একবার ও সারা দিন আমার বাড়িতে ছিল। তখন এটা আমি পরে নিয়েছিলাম। ওপরওয়ালাকে ধন্যবাদ। সত্যিই এর মধ্য দিয়ে আমি ওর শরীরের গন্ধ পাই। তাই সুযোগ পেলেই জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিই।’
সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে প্রিয়াঙ্কা বলেন, সম্পর্কটা এখন আর নেই। ও জ্যাকেটটা বেশ কয়েকবার ফেরত চেয়েছিল, কিন্তু আমি দিইনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চামড়ার তৈরি জ্যাকেট পরিহিত একজন নায়কের ছবি ঘুরেফিরে আসতে থাকে। তিনি আর কেউ নন, শাহরুখ খান।
অবশ্য বলিউডে প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন কানাঘুষা চলেছিল। প্রিয়াঙ্কা এবার জ্যাকেট কাহিনি শুনিয়ে সেই কানাঘুষাকে আবারও উসকে দিলেন।