সুলতানে একাই এক শ সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

সালমান খান আগেই জানিয়েছিলেন, ‘সুলতান’ ছবির জন্য বেশুমার খাটছেন তিনি। কঠোর নিয়মকানুন মেনে, কুস্তিগিরের প্রয়োজনীয় নানা কৌশল শিখে প্রস্তুত হচ্ছেন ‘সুলতান’-এর জন্য। ‘সুলতান’ হতে এ যেন তাঁর এক কঠিন ব্রত সাধনা। সম্প্রতি এই অভিনেতা জানিয়েছেন, ‘সুলতান’ ছবির কোনো অ্যাকশন দৃশ্যেই ‘বডি ডাবল’ ব্যবহার করবেন না তিনি। এ ছবিতে যত ধরনের দুর্ধর্ষ মারপিট আর ঝুঁকিপূর্ণ দৃশ্য আছে সব দৃশ্যে সালমান নিজেই অংশ নেবেন।

এ প্রসঙ্গে সালমান বলেছেন, আমি ‘ডুপ্লিকেট’ ব্যবহার করব না। সব ‘অ্যাকশন’ (মারপিটের) দৃশ্যে আমার অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করব আমি। তিনি এও বলেন, এর প্রস্তুতির জন্য প্রশিক্ষণের সময় কঠিন পরিশ্রম করব।’

সালমান আরও বলেন, ‘আমাকে আরও শক্তিশালী আর বিশাল বপু হতে হবে।’

সালমান খান এও বলেন, বর্তমানে আমি ৮৮ (ওজনে), আমাকে ৯৪ হতে হবে। এরপর আবার ৭৭-এ ফিরতে হবে। নিজের প্রস্তুতি প্রসঙ্গে এই ‘বজরঙ্গী ভাইজান’ তারকা বলেন, ‘আমাকে আরও পেশিবহুল হতে হবে।’

এ ছবিতে সালমান খানকে দেখা যাবে ৪০ বছর বয়সী হরিয়ানার কুস্তিগির সুলতান আলী খানের ভূমিকায়। বেশ কিছুদিন প্রকাশিত এক ছবিতে এ অভিনেতার তীক্ষ্ণ চাহনি, ছোট করে ছাঁটা চুল, বাঁকানো গোঁফ— এসব দেখে তাঁকে আপাদমস্তক একজন কুস্তিগিরই মনে হয়েছে।


‘সুলতান’ হওয়ার লক্ষ্যে সালমানকে কুস্তি, মিক্সড মার্শাল আর্ট শেখার পাশাপাশি কঠোর সব নিয়মকানুন মেনে চলতে হচ্ছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে সালমান খান জানিয়েছিলেন, ‘তিনি শুধু ওজন বাড়াচ্ছেন না। তাঁকে পেশি (মাসল) বানাতে হচ্ছে। তিনি বলেছিলেন, ‘এর জন্য কঠোর নিয়ম মানতে হয়। অনেক কঠিন পরিশ্রম করতে হয়।’

নির্মাতা আলী আব্বাস জাফরের ‘সুলতান’ ছবির নামভূমিকায় অভিনয় করবেন সালমান খান। সুলতানে তাঁকে কুস্তিগির হিসেবেই দেখতে পাবেন দর্শকেরা। ‘সুলতান’ চরিত্রটিকে ফুটিয়ে তুলতে সালমানকে কঠোর পরিশ্রম, কঠিন সব নিয়মকানুন মেনেই কুস্তিগির ‘সুলতান’ হওয়ার ব্রত পালন করতে হচ্ছে।

ইন্দো-এশিয়ান নিউজ। টাইমস অব ইন্ডিয়া।