সুশান্তর অপমৃত্যু: এবার রিয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা এবং প্রতারণা অভিযোগে মামলা। ছবি: ইনস্টাগ্রাম
রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা এবং প্রতারণা অভিযোগে মামলা। ছবি: ইনস্টাগ্রাম

দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ, বলিউড তারকা সুশান্ত সিং নেই। গত সপ্তাহের ঠিক এই দিন রোববারে বলিউডের এই নবীন তারাটি খসে পড়েছিল—সুশান্ত চলে গেছেন না–ফেরার দেশে। কিন্তু চলে গিয়েও তর্ক–বিতর্ক আর স্মৃতিচারণে প্রতিনিয়ত যেন আরও বেশি করে ফিরে আসছেন ৩৪ বছরের এ তরুণ। ক্রমেই জোরালো হচ্ছে বিতর্ক। এর আগে এ ঘটনার সূত্রে মামলা হয়েছিল বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে। আজ হলো সুশান্তের প্রেমিকা বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে।

বিহারের মুজফফরপুরের আদালতে মামলা করলেন কুন্দন কুমার। তাঁর অভিযোগ, সুশান্তকে মানসিক ও আর্থিকভাবে হেনস্তা করেছেন রিয়া চক্রবর্তী। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল শনিবার আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুকেশ কুমারের কাছে মামলার আবেদন জমা করেন কুন্দন। এ প্রসঙ্গে কুন্দনের আইনজীবী কমলেশ সংবাদমাধ্যমকে জানান, ‘সুশান্তের মৃত্যুর পর থেকেই আমার মক্কেল হতাশায় ভুগছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যার প্ররোচনা) এবং ৪২০ (প্রতারণা) ধারায় আদালতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২৪ জুন মামলার প্রথম শুনানির তারিখ দিয়েছেন আদালত।’

রোববার বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন ৩৪ বছর বয়সী বলিউডের তরুণ নায়ক সুশান্ত সিং রাজপুত। প্রাণখোলা, হাসিখুশি এই নায়কের মৃত্যু ঘিরে উঠে এসেছে একাধিক প্রশ্ন। সুশান্তের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের সন্তানকে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যাই। এসব সূত্রে এখন পর্যন্ত ছয়জনকে জেরা করা হয়েছে। পরের দিন তদন্তের জন্য সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে থানায় তলব করেছিলেন তদন্তকারী কর্মকর্তারা। তাঁদের ডাকে সাড়া দিয়ে ১৮ জুন বেলা সাড়ে ১১টা নাগাদ বান্দ্রা পুলিশ স্টেশনে হাজির হন রিয়া। সারা দিন দফায় দফায় রিয়া চক্রবর্তীকে জেরা করে পুলিশ, প্রায় ১১ ঘণ্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।

সুশান্ত ও রিয়া। ছবি: ইনস্টাগ্রাম
সুশান্ত ও রিয়া। ছবি: ইনস্টাগ্রাম

প্রসঙ্গত, সর্বশেষ প্রেমিকা হিসেবে সুশান্তের মৃত্যুর পর বারবার রিয়া চক্রবর্তীর নাম আসে। এমনিতে রিয়ার সঙ্গে সুশান্তর প্রেমের সম্পর্কের খবর ছিল ‘ওপেন সিক্রেট’। শুধু তা–ই নয়, নভেম্বরেই নাকি বিয়ে করার কথা ছিল সুশান্তর। জানিয়েছেন প্রয়াত অভিনেতার এক আত্মীয়। পাশাপাশি পরিচালক রোমি জাফরি অভিনেতার মৃত্যুর পর সাংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর পরবর্তী ছবিতে একসঙ্গে কাজ করবার কথা ছিল সুশান্ত-রিয়ার। এই রোমান্টিক কমেডি ছবির কাজ শুরুর কথা ছিল মে মাসে, যদিও করোনার জেরে কাজ স্থগিত হয়ে যায়। এই পরিস্থিতিতে নানা হিসাব–নিকাশ করে সুশান্তর আত্মহত্যার রহস্যের জট খুলতে শুরু থেকেই পুলিশের তদন্তের বিষয় হয়েছেন রিয়া চক্রবর্তী। এর মধ্যে জানা যায়, সুশান্তের গড়ে তোলা তিনটি কোম্পানির একটি রিয়া চক্রবর্তীর নামে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ভিভিডরেজ রিয়ালিটিক্স নামে প্রতিষ্ঠানটি নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে।

রিয়া চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম
রিয়া চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম

এর আগের দিন ১৭ জুন মুজফফরপুরের আদালতে বলিউডের সালমান খানের বিরুদ্ধে মামলা হয় এ ঘটনায়। শুধু সালমান নন, সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর ঘটনায় বাদী মামলা করেছেন করণ জোহর, সঞ্জয় লীলা বনসালি, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালা, একতা কাপুরসহ আটজনের বিরুদ্ধে। বিহারের মুজফফরপুরে একটি আদালতে এ মামলা করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই আইনজীবী বলেছিলেন, ‘সুশান্তের কাছ থেকে শুধু সাতটি ছবি কেড়ে নেওয়া হয়েছিল তাই-ই নয়, তাঁর একাধিক ছবি আজও মুক্তি পায়নি। এসব ঘটনার চাপ দিনের পর দিন নিতে পারেননি মাত্র ৩৪ বছরের অভিনেতা এবং এ ঘটনাগুলোই তাঁকে আত্মহননের মতো চরম পথ বেছে নিতে বাধ্য করেছে।’