সুশান্তর পরিবারের পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয়।
ইনস্টাগ্রাম

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয়। গতকাল সকালে বিহারে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বিহারের লখিসরাই অঞ্চলের ৩৩৩ নম্বর মহাসড়কে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
মহাসড়কে একটা ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকচালক ও তাঁর সহযোগী পালিয়েছেন। গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী, গাড়ি থেকে মানুষের দেহ বের করতে লোহার কাটার নিয়ে আসতে হয়েছে।

ভারতীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, সুশান্তের পরিবারের এই সদস্যরা হরিয়ানা পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ও পি সিংয়ের বোনের শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিতে পাটনা থেকে জামুই ফিরছিলেন। ও পি সিং হলেন সুশান্ত সিং রাজপুতের দুলাভাই। আহত ব্যক্তিদের প্রথমে সিকান্দারা মহকুমা হসপিটালে নেওয়া হয়। পরে তাঁদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

২০১৩ সালে ‘কাই পো চে’ দিয়ে বলিউডে অভিষেক হয় সুশান্ত সিং রাজপুতের
ইনস্টাগ্রাম

২০০৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘পবিত্র রিশতা’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান সুশান্ত সিং রাজপুত। ২০১৩ সালে ‘কাই পো চে’ দিয়ে বলিউডে অভিষেক। এরপর একের পর এক সাফল্যের পথে হেঁটেছেন সুশান্ত। গত বছর ১৪ জুন তাঁর মুম্বাইয়ের ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।