সুশান্তের সাবেক প্রেমিকা এবার বড় পর্দায়

ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন সুশান্ত সিং রাজপুত। এবার তাঁর সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখন্ডের পালা। অনেক দিন ধরে তাঁর বলিউড অভিষেক নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। অবশেষে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতার বলিউড অভিষেক হতে চলেছে কঙ্গনা রনৌতের ‘মনিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবির মাধ্যমে। কঙ্গনার এই ছবিতে তাঁকে দেখা যাবে ‘ঝলকারি বাঈ’-এর চরিত্রে।
অঙ্কিতা একতা কাপুরের মেগা ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’য় অর্চনা কারাঞ্জকর নামেই জনপ্রিয় মানুষের ঘরে ঘরে। এবার তাঁর ছোট পর্দার অনুরাগীরা তাঁকে রুপালি পর্দায় দেখতে পাবেন। অঙ্কিতা এবার নিজের মুখে তাঁর বলিউড ডেবুর কথা সম্প্রতি এক সংবাদপত্রে সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছেন। অঙ্কিতা বলেন, ‘আমি আমার অভিনীত চরিত্রটি সম্পর্কে আগে কিছু জানতাম না। তবে “ঝলকারি বাঈ” এমন এক বীরযোদ্ধা, যিনি আমাদের ইতিহাসকে গর্বিত করেছেন। আমি খুবই সম্মানিত যে আমি তাঁর কথা বিশ্ববাসীকে বলব।’
অঙ্কিতা ঝলকারি বাঈ চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন। এক মাস ধরে তিনি ঘোড়া চালানো এবং তলোয়ারবাজি শিখছেন। অঙ্কিতা বলেন, ‘আমি কমল স্যারের কাছে কৃতজ্ঞ যে আমাকে এ রকম চ্যালেঞ্জিং চরিত্রে এই বড় বাজেটের ছবির জন্য নির্বাচন করেছেন। এই ছবির চিত্রনাট্য লিখেছেন “বাহুবলী” ছবির কাহিনিকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ এবং কঙ্গনার মতো জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী এই ছবিতে আছেন। যিনি যেকোনো নারীর কাছে প্রেরণাদায়ী। তাঁর মতো অভিনেত্রীর কাছ থেকে কিছু শিখব বলে আমি উদ্গ্রীব।’