সুস্মিতা-রণদীপের সম্পর্ক 'স্বাভাবিক'!

প্রেমের সম্পর্কের যখন বিচ্ছেদ ঘটে, সেই সময় কি প্রেমিক-প্রেমিকা এই দুজনের সম্পর্ক আর স্বাভাবিক থাকে? দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে প্রেম করেছেন সুস্মিতা সেন ও রণদীপ হুদা। কিন্তু একটা সময় সে সম্পর্কের পাট চুকিয়ে এই জুটি জানিয়েছিলেন, তাঁদের মাঝে আর কোনো সম্পর্কই নাকি বেঁচে নেই! রণদীপ তো স্পষ্ট করে জানিয়েই দিয়েছিলেন যে সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের বিষয়টিই নাকি তাঁর জীবনে ঘটা সবচেয়ে ভালো ব্যাপার! অথচ এর পরও দুজন দুজনের সঙ্গে সমান্তরালে বয়ে চলা জীবনে দিব্যি একটা স্বাভাবিক সম্পর্ক রেখে চলছেন।
এ দুই তারকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সুস্মিতা-রণদীপের সম্পর্কের এই স্বাভাবিকতা হচ্ছে—সম্পর্ক না থাকলেও একে অন্যের শত্রু হয়েও যাননি তাঁরা; বরং দুজন দুজনের সঙ্গে স্বাভাবিক আচরণের পাশাপাশি পরিচিত মানুষের মতোই সুন্দর একটি সম্পর্ক বজায় রেখেছেন।
গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই দুজন তারকা একে অন্যের মুখোমুখি হয়েছিলেন। এমনকি পাশাপাশি বসেও ছিলেন। অনুষ্ঠানে কিছুক্ষণ পরে বিপাশা বসু এসে তাঁদের দুজনের মাঝে বসে পড়েন।
একটা সময়ে অনুষ্ঠান মঞ্চে ডাকা হলে সুস্মিতা বলেন, ‘কিছু মানুষকে আমরা ভালোবাসি, আর কিছু মানুষকে ভালোবাসি না।’ এ কথা বলতে বলতে রণদীপের দিকে তাকান সুস্মিতা। সে সময় রণদীপ তাঁর কথা শুনে হাসছিলেন!
সুস্মিতা মঞ্চ থেকে নেমে আসার পর তাঁরা দুজন একে অপরকে উষ্ণ আলিঙ্গনে কাছে টেনে নেন।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে দেব দুলাল গুহ।