সেটে জ্ঞান হারান নায়ক

‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবির শুটিং হচ্ছে। তার মাঝেই বরুণ ধাওয়ানের সর্দি-কাশি-জ্বর। কিন্তু যে দৃশ্যের কাজ হচ্ছে, গতকাল শুক্রবারের মধ্যে তার শুটিং অবশ্যই শেষ করতে হবে। এদিকে একদিন ছুটি কাটিয়ে গত মঙ্গলবার মুম্বাইয়ে শুটিংয়ে ফেরেন বলিউডের এই তারকা। ছুটির আগেই বলে গেছেন, ফিরে এসে অতিরিক্ত সময়ে কাজ করে পুরোটা পুষিয়ে দেবেন। নিজের কথা রাখতে গিয়ে টানা ১৮ ঘণ্টা শুটিং করে তিনি অসুস্থ হয়ে পড়েন। জ্ঞান হারান সেটে। চিকিৎসক এসে পরামর্শ দিলেন, শুটিং বন্ধ রাখতে হবে। আর দুই দিন তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে।
মিড-ডে পত্রিকার খবর অনুযায়ী, একদিন ছুটি কাটিয়ে বরুণ ধাওয়ান যখন শুটিংয়ের সেটে ফেরেন, তখন তিনি সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত। এই অসুস্থতা নিয়েই ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবির শুটিং করেছেন। এমনকি নাচও প্র্যাকটিস করেছেন। বরুণ ধাওয়ান জ্ঞান হারানোর পর ছবির পরিচালক রেমো ডি’সুজা দ্রুত চিকিৎসককে খবর দেন। চিকিৎসক এসে বরুণ ধাওয়ানকে পরীক্ষা করেন। পরে তিনি জানান, বরুণ ধাওয়ানের রক্তচাপ অনেকটা কমে গেছে, তাই তিনি জ্ঞান হারিয়েছেন। তিনি পরবর্তী দুই দিন এই তারকাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। বরুণ ধাওয়ান অসুস্থ হওয়ার পর পরিচালক রেমো ডি’সুজা দুই দিন ছবির শুটিং সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেন।
তবে আজ শনিবার সকালে টুইটারে বরুণ ধাওয়ান লিখেছেন, অবশেষে শেষ হলো ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবির শুটিং। তার সঙ্গে পরিচালক রেমো ডি’সুজার সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি। তাতে দেখা যায়, পরিচালকের সঙ্গে ড্যান্স রুমেই বসে আছেন বরুণ ধাওয়ান। তার মানে, বিশ্রাম নেওয়ার পর শুটিং ফ্লোরে এসে নির্দিষ্ট সময়েই ছবির কাজ শেষ করেছেন তিনি।
আগেই জানা গেছে, অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে ত্রিমাত্রিক এই ছবিটি। পরিচালক রেমো ডি’সুজার মতে, নাচ নিয়ে এত বড় মাপের ছবি এর আগে ভারতে হয়নি।
এর আগে গত ১৬ মাসে পাঁচটি ইনজুরিতে পড়েছেন বরুণ ধাওয়ান। এই ‘সিরিজ ইনজুরি’র শুরুটা হয়েছিল ২০১৮ সালের মার্চে, ‘সুই ধাগা’ সিনেমার সেটে। তখন সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হন। এর তিন মাস পর সেই ব্যথা ভুলতে না ভুলতে ‘কলঙ্ক’ সিনেমার সেটে প্রশিক্ষণ নিতে গিয়ে দ্বিতীয়বারের মতো ঘটান অঘটন।
এর কিছুদিন পর একই ছবিতে মারামারির দৃশ্য করতে গিয়ে আহত হন। সেই অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফার ছিলেন বলিউড তারকা ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। সেই দৃশ্যে বরুণ আরেক নায়ককে তুলে ছুড়ে ফেলতে গিয়ে বাঁধান বিপত্তি। এই গেল তৃতীয় ইনজুরি। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ‘স্ট্রিট ড্যান্সার’ ছবির সেটে। পঞ্চম ইনজুরি হয় এই ছবির শুটিংয়ে পাঞ্জাবি ও শিখদের ঐতিহ্যবাহী ভাংড়া নাচ নাচতে গিয়ে।
তবে ইনজুরি বরুণ ধাওয়ানকে থামাতে পারছে না। এসব ইনজুরি জানায় কতটা উজাড় করে দিয়ে একের পর এক ছবি করে যাচ্ছেন তিনি।