সেন্সর বোর্ড দিয়েই চলছে ছবির প্রচারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্সর বোর্ড এখন ছবির প্রচারণাতে ব্যস্ত! ফাইল ছবি
সেন্সর বোর্ড এখন ছবির প্রচারণাতে ব্যস্ত! ফাইল ছবি

সেন্সর বোর্ড যেন এখন এক পাগলা ঘোড়া! একবার এই চলচ্চিত্রে হাত দিচ্ছে তো অন্য আরেক চলচ্চিত্রের দৃশ্য কাটছে। বলিউডে এখন সেন্সর বোর্ড হয়ে দাঁড়িয়েছে আতঙ্কের নাম। অজয় দেবগনের নতুন ছবির কিছু দৃশ্যও ছেঁটে ফেলা হয়েছে সেন্সর বোর্ডের ভয়ে। তবে অভিনেতা রণদীপ হুডার দাবি, সেন্সর বোর্ড আসলে ইচ্ছা করেই করছে এসব। ছবির কাটতি বাড়াতেই এত দৃশ্য কাটার গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে বাজারে।
শুধু দেবগনের ‘বাদশাহো’ নয়, সেন্সর বোর্ডের খপ্পরে পড়েছে ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’, ‘ইন্দু সরকার’ ও ‘বাবুমশাই বন্দুকবাজ’ চলচ্চিত্রগুলোও। অন্তরঙ্গ দৃশ্য থাকার অজুহাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অভিনেতা রণদীপ এর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, ‘ওদের দৃশ্য কাটার অনুরোধ কিংবা দৃশ্য সেন্সর করার কোনো মানে হয় না। কম বয়সীরা, যাদের এ ধরনের দৃশ্য থেকে বাঁচানোর চেষ্টা হচ্ছে তারাই ইন্টারনেট সবচেয়ে বেশি ব্যবহার করে। আর আপনি যত বেশি সেন্সর করবেন, ওদের কৌতূহল তত বাড়বে। দিন শেষে সবকিছু খুব সহজেই ইন্টারনেটে পাওয়া যায়, যেখানে কেউ কিছু সেন্সর করছে না।’
এই অভিনেতার ধারণা, কিশোর-কিশোরীদের ভালোর জন্য নয়, নিজেদের আখের গোছাতেই এসব করছে সেন্সর বোর্ড, ‘সেন্সরশিপকে ব্যবহার করে একটি চলচ্চিত্রকে বাড়তি আগ্রহ সৃষ্টি করা হচ্ছে। এটা তো পরিষ্কার, সেন্সর বোর্ড আসলে এখন প্রচারণার কাজে ব্যয় হয়। আমার সন্দেহ পেহলাজ নিহালানি (সেন্সর বোর্ড) আসলে এ কারণে টাকা পাচ্ছেন।’
এমন নেতিবাচক প্রচারণায় যে কাজ হয়, সেটার প্রমাণ রণদীপ নিজেই। তিনি জানালেন, কদিন আগেই এমনভাবে আলোচনায় আসা একটি চলচ্চিত্র তাঁকে কীভাবে ধোঁকা দিয়েছে, ‘কদিন আগে সেন্সরের কারণে বহুল আলোচিত একটা মুভি দেখতে গিয়েছিলাম। যখন দেখতে গেলাম, খুবই একঘেয়ে লেগেছে। এ ছবিতে সেন্সর হাত দিয়েছে, এটা শুনেই অনেকে দেখতে গিয়েছিল সেটা। আমি সে চলচ্চিত্রের চিত্রনাট্যও পড়েছি। তখনই বুঝেছি, এটা প্রচারণার কারণেই এত দূর গেছে। মোটেও ভালো কিছু ছিল না সেটা, তাই সেন্সরকে ব্যবহার করেছে তারা।’ সূত্র: ডেকান ক্রনিকলস।