সেরা অমিতাভ-কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকু ছবিতে অমিতাভ বচ্চন
পিকু ছবিতে অমিতাভ বচ্চন
তনু ওয়েডস মনু রিটার্নস ছবির দৃশ্যে কঙ্গনা রনৌত
তনু ওয়েডস মনু রিটার্নস ছবির দৃশ্যে কঙ্গনা রনৌত

‘কুইন’ কঙ্গনা নিজের সিংহাসনটি ছাড়লেন না। গত বছরের মতো এবারও সবাইকে পেছনে ফেলে তিনি জিতে নিলেন সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অন্যদিকে জীবনের ৭৩তম বছরে এসে অমিতাভ বচ্চন ঘরে তুললেন সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
গতকাল সোমবার ঘোষণা করা হলো ২০১৫ সালের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ীদের নাম। গত বছর মুক্তি পাওয়া ছবির মধ্যে বাহুবলি, পিকু, তনু ওয়েডস মনু রিটার্নস ও বাজিরাও মাস্তানি জিতেছে বিভিন্ন বিভাগে সেরার পদক।
বাজিরাও মাস্তানি ছবির জন্য সঞ্জয়লীলা বানশালি সেরা পরিচালকের জাতীয় পুরস্কার জেতেন। আর সেরা চলচ্চিত্র বিভাগে পুরস্কার পায় এস এস রাজামৌলির ব্যবসাসফল ছবি বাহুবলি।
মূল বিভাগগুলোর বাইরেও অন্য কয়েকটি বিভাগে বেশ আলোচিত কিছু ছবি জিতেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর মধ্যে রয়েছে সালমান খানের বজরঙ্গি ভাইজান ছবিটিও। কবির খান পরিচালিত এই চলচ্চিত্রটি জিতেছে ‘সেরা বিনোদনমূলক জনপ্রিয় ছবি’ বিভাগের পুরস্কারটি। ২০১৫ সালে হিন্দি ভাষায় নির্মিত সেরা ছবির পুরস্কার পেয়েছে আয়ুশমান খুরানা ও ভূমি পেড়নেকার অভিনীত দম লাগাকে হাইসা। বাজিরাও মাস্তানি ছবির ‘দিওয়ানি মাস্তানি’ গানটির নৃত্য পরিচালনার জন্য এই বিভাগে সেরার পুরস্কারটি জিতেছেন রেমো ডি’সুজা। ‘ইন্দিরা গান্ধী সেরা নবাগত পরিচালক’-এর পুরস্কারটি জিতেছেন নেরাজ ঘেওয়ান মাসান ছবি পরিচালনার জন্য। পিটিআই।