সেরে উঠছে ইমরান হাশমির ছেলে অয়ন

বলিউডের অভিনেতা ইমরান হাশমির ছেলে অয়নের শরীরে চলতি বছরের শুরুর দিকে ক্যানসার ধরা পড়ে। প্রাথমিক অবস্থায় মরণঘাতী রোগটি ধরা পড়ার পরপরই উন্নত চিকিত্সা দেয়া হয় মাত্র চার বছর বয়সী অয়নকে। উন্নত চিকিত্সা ও সফল অস্ত্রোপচারের পর সেরে উঠছে ছোট্ট অয়ন। এখন সে অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তাঁর বাবা ইমরান। অয়ন নিয়মিত স্কুলে যাচ্ছে বলেও জানিয়েছেন ‘মার্ডার’ তারকা ইমরান।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘অয়ন এখন অনেক ভালো আছে। এমনকি নিয়মিত স্কুলেও যাচ্ছে সে। আমার পরবর্তী ছবি ‘‘রাজা নটবর লাল’’ অয়নকে দেখানোর পরিকল্পনা করেছি আমি। আমার ধারণা, ছবিটি দেখে মজা পাবে সে।’
ইমরান অভিনীত বেশির ভাগ ছবিতেই সহ-অভিনেত্রীর সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। এজন্য ‘সিরিয়াল কিসার’ তকমাও পেয়েছেন তিনি। বরাবরের মতো ‘নটবর লাল’ ছবিতেও চুমুর দৃশ্যে দেখা যাবে ইমরানকে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
এ প্রসঙ্গে ইমরান মজা করে বলেন, ‘এখন পর্যন্ত ছবিটি যাঁরা দেখেছেন তাঁদের প্রত্যেকেই এটিকে পারিবারিক ছবি বলে রায় দিয়েছেন। এজন্য আমি অনেক গর্বিত। আমি চাই, আমার ছেলে ছবিটি দেখুক। তবে ছবিতে চুমুর দৃশ্য যখন আসবে, তখন আমি তার চোখ ঢেকে রাখব।’
কমেডি ঘরানার ‘রাজা নটবর লাল’ ছবিতে ইমরানের সঙ্গে জুটি বেঁধেছেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমায়মা মল্লিক। আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, কে কে মেনন, দীপক তেজরি প্রমুখ। সিদ্ধার্থ রয় কাপুর প্রযোজিত ও কুনাল দেশমুখ পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ আগস্ট।