সেরে উঠছেন আসল দেবদাস

৯৪ বছর বয়স চলছে। দিলীপ কুমার এখন বেশির ভাগ সময় খবরে আসেন স্বাস্থ্যগত কারণে। আর তাঁর হাসপাতালে ভর্তির খবর একটা ভয়ের মেঘ জমা করতে থাকে। গত বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে আবার নেওয়া হয়েছিল বলিউড কিংবদন্তিকে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা উন্নতির পথে।
দিলীপ কুমারকে অবশ্য এখনো আইসিইউতে রাখা হয়েছে। দিলীপ-পত্নী অভিনেত্রী সায়রা বানু পাশে আছেন স্বামীর। সায়রা সাংবাদিকদের বলেছেন, ‘এখন একটু নির্ভার লাগছে। ওনার স্বাস্থ্যের অবস্থার একটু ভালোর দিকে।’
গতকাল রোববার রাতে দিলীপ কুমারের পারিবারিক বন্ধু বাসির প্রথম আলোকে বলেন, ‘আপনাদের সবার প্রার্থনায় এবং আল্লার দোয়ায় গতকাল থেকে দিলীপ কুমারের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। ইনশা আল্লাহ, আজ আরও ভালোর দিকে। চিকিৎসায় উনি সাড়া দিচ্ছেন। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছেন।’
লীলাবতীর প্রখ্যাত ডাক্তার হৃদ্রোগ বিশেষজ্ঞ নিতিন গোখলের চিকিৎসাধীনে আছেন দিলীপ কুমার। তাঁকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, এই প্রসঙ্গে বাসির বলেন, ‘এখনো এ বিষয়ে ডাক্তার কিছু জানাননি। তবে সায়রা চান, ডাক্তারের তত্ত্বাবধানে আরও কিছুদিন দিলীপ কুমার থাকুন।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দিলীপ কুমার এখন ভেন্টিলেশনে (কৃত্রিম শ্বাসপ্রশ্বাস) নেই। ধীরে ধীরে তিনি আরও সুস্থ হয়ে উঠছেন।
অনেকের চোখে ভারতের সর্বকালের সেরা অভিনেতা দিলীপ কুমার ‘আন্দাজ’, ‘দাগ’, ‘আজাদ’, ‘নয়া দৌড়’, ‘মুঘল-এ-আজম’, ‘ক্রান্তি’, ‘শক্তি’ প্রভৃতি ছবির জন্য বিখ্যাত হয়ে আছেন। ১৯৫৫ সালে শরৎ চন্দ্রের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে বলিউডে একই নামের একটি সিনেমা নির্মিত হলে এর নামভূমিকায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার।