সেরে উঠছেন বিনোদ খান্না, জানালেন অক্ষয়

প্রচণ্ড পানিশূন্যতায় আক্রান্ত হয়ে ৩১ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিনোদ খান্না। কিছুদিন আগে এই অভিনেতার অসুস্থ অবস্থার একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে গুজব ওঠে তিনি ক্যানসারে আক্রান্ত। দুই দিন পর তাঁর মৃত্যুর গুজবও ছড়ায়। শারীরিক দুর্বলতা পুরোপুরি কাটিয়ে না উঠলেও, এখন আগের থেকে বেশ ভালো আছেন বিনোদ খান্না, জানিয়েছেন তাঁর বড় ছেলে অভিনেতা অক্ষয় খান্না।
রোববার চিকিৎসকেরাও বিনোদ খান্নার সেরে ওঠার ব্যাপারটা নিশ্চিত করেছেন। বলিউডের বর্ষীয়ান এই অভিনেতার অসুস্থতার খবরে অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। লতা মঙ্গেশকর, আশা পারেখ, ইরফান খানসহ অনেক বলিউড তারকাই বিনোদের দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। সালমান খান গভীর রাতে হাসপাতালে এই অভিনেতাকে দেখতেও গিয়েছিলেন। ‘দাবাং’ ছবিতে বিনোদ খান্না ও সালমান খান বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন।

অভিনেতা অক্ষয় খান্না ও রাহুল খান্না বিনোদের প্রথম স্ত্রী গীতাঞ্জলির সন্তান। ১৯৮৫ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে আবারও বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী কবিতার সংসারে এই অভিনেতার দুই সন্তান সাক্ষী ও শ্রদ্ধা। এনডিটিভি।