সোনমের সমন

আরেকটু হলেই তাঁকে ভারতের ‘লেডি গাগা’ বানিয়ে ফেলা হয়েছিল আর কি! সোনম কাপুর তাঁর ফ্যাশনবোধ নিয়ে কম তো পোড়েননি সমালোচনার আগুনে! কিন্তু সোনম এসব থোড়াই পরোয়া করেছেন। করেননি বলেই তো আজ বলিউডের ফ্যাশন আইকনদের একজন তিনি।
এই অভিনেত্রী তাই বাঁকা হাসি হেসে বলতে পারছেন, ‘শুরুর দিকে অনেক অভিনেত্রীই আমাকে এ নিয়ে খোঁচা দিয়েছেন। একজন বড় অভিনেত্রী তো এমনও বলেছিলেন, “সোনম, এসব কী! তুমি কেন এসব করছ? তুমি জানো, কেবল আমার ফ্যাশন দেখভাল করার জন্য একজন স্টাইলিস্টকে কত টাকা দিয়ে রেখেছি!” আমার উত্তরটা ছিল, আমি স্টাইলিস্টকে ফুটো পয়সাও দিই না। নিজেই করি, কিংবা আমার বোন করে দেয়। নিজে নিজের ফ্যাশন ঠিক করা তো ভালো।’
বরাবরই কথা বলার সময় সোনম কোনো কূটনীতির ধার ধারেননি। মনের কথা, মতামত দৃঢ়ভাবেই বলেছেন। ভক্তদের প্রতিও তাঁর আহ্বান, ‘এখন টুইটারে কোনো কিছুর পক্ষে বলতে গেলে অনেকের ভয়ই লাগে। কারণ, অনেক নেতিবাচক মানসিকতার লোক হামলে পড়বে। সংবাদমাধ্যমও হয়তো ভুল ব্যাখ্যা দেবে। বাড়ির সামনে মিছিল-টিছিলও হতে পারে। তবু বলি, যা সঠিক মনে হবে, সেটাই বলুন। সেটার পাশে থাকুন।’ পিটিআই।