সোচ্চার তাপসী পান্নু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপসী পান্নু   ছবি: ইনস্টাগ্রাম
তাপসী পান্নু ছবি: ইনস্টাগ্রাম

সুজয় ঘোষ পরিচালিত বদলা ছবিতে অভিনয়ের জন্য অমিতাভ বচ্চনকে বেশি স্বীকৃতি দেওয়া হয়েছে। যদিও ছবিতে বেশি দৃশ্য ছিল বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর। এমন বিস্ফোরক মন্তব্য করলেন তাপসী।

নেহা ধুপিয়ার সঞ্চালনায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তাপসী। সেই অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই ছবিতে মি. বচ্চনের থেকে আমার বেশি দৃশ্য ছিল। বেশি দিন শুটিংও করেছি আমি। তিনি ছবির নায়ক, আর আমি খলনায়ক। কিন্তু ছবিতে নায়কের থেকে খলনায়কেরই বেশি দৃশ্য ছিল। অথচ ছবিটি যখন মুক্তি পেল, সবাই বলা শুরু করল, এটা অমিতাভ বচ্চনের ছবি।’

তাপসী সে অনুষ্ঠানে বলিউডে পুরুষতান্ত্রিকতা চর্চার বিষয়টি তুলে আনেন। তিনি আরও বলেন, ‘হ্যাঁ, যখন আমি এসবের বিরুদ্ধে সোচ্চার হই, তখনই লোকেরা আমার কথা বলা শুরু করে, কারণ, এটা পুরুষদের দ্বারা চালিত ইন্ডাস্ট্রি।’

সম্প্রতি মুক্তি পাওয়া জগন শক্তি পরিচালিত মিশন মঙ্গল সিনেমা নিয়েও একই কথা বলেন তিনি। তাঁর ভাষায়, মিশন মঙ্গল সিনেমায় একসঙ্গে সেরা নারী অভিনয়শিল্পীদের একটি দল—বিদ্যা বালান, কৃতি শ্যানন, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, নিত্থিয়া মেনন ও কৃতি কুলহারি অভিনয় করেন। সেখানে ছবির স্বীকৃতি মিলল অক্ষয় কুমারের নামে। দিন শেষে কৃতিত্ব মেলে একজন পুরুষের। এটাই বলিউডের বাস্তবতা।

তাপসী পান্নুকে শেষ দেখা গেছে সান্ড কি আঁখ ছবিতে। তাঁকে দেখা যাবে প্রকাশ রাজ পরিচালিত তড়কা ও অনুভব সিনহার থাপ্পড় ছবিতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস