সোনম নাখোশ!

নিরজা ছবির জন্য এখন প্রশংসার বন্যায় ভাসছেন সোনম কাপুর। গত ১৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায় ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। ভারতে বেশ আলোচিত হলেও পাকিস্তানে ছবিটি নিষিদ্ধ করা হয়। পাকিস্তানের কাছে মনে হয়েছে ছবিতে তাদের রাষ্ট্রকে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করলেও পাকিস্তানি দর্শকদের এই ছবি দেখা থেকে বিরত করা যায়নি। তাঁরা এই চলচ্চিত্র দেখছেন ঠিকই, কিন্তু পাইরেটেড কপি। এতে পাকিস্তানি ভক্তদের ওপর নাখোশ হয়েছেন সোনম।
একটি সংবাদ সম্মেলনে দিল্লি ৬ তারকা সোনম বলেন, ‘পাকিস্তানে আমার অনেক ভক্ত আছেন। এর আগে আমার ছবি ওখানে ভালো চলেছে। কিন্তু এখন তাঁরা এই ছবির পাইরেটেড কপি দেখছেন। এটি খুবই দুঃখজনক।’
পাকিস্তানে নিরজাকে নিষিদ্ধ করার পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না এই বলিউড অভিনেত্রী। তাঁর ধারণা, ছবিটি আসলে দুই দেশের রাজনীতির শিকার। তাঁর মতে, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে রাজনীতির কোনো জায়গা নেই। এনডিটিভি।