সোনমের খুশির নতুন 'রিজন'

রিয়ার ‘রি’ (Rhe) আর সোনমের ‘সোন’ (Son) নিয়ে ‘রিজন’ (Rheson) নামের একটি ফ্যাশন লাইন চালু করতে যাচ্ছেন বলিউডের ফ্যাশন ডিভা সোনম কাপুর ও তাঁর ছোট বোন রিয়া কাপুর। সোনম জানান, এটি তাঁর খুশির নতুন ‘রিজন’ (কারণ)! এ বছরের সেপ্টেম্বরে তাঁরা চালু করবেন এই পোশাকের ব্যবসা।
রিজন ব্র্যান্ডে মিলবে নারীদের জন্য ভারতীয় ও পশ্চিমা নকশার পোশাক। রিয়া জানান, তাঁদের পোশাকগুলো শুধু আধুনিক নকশারই হবে না, হবে গুণগত মানসম্পন্ন, আরামদায়ক ও সাশ্রয়ী। মাত্র ৪০০ থেকে শুরু করে ৪০০০ রুপির ওপরের পোশাকও থাকবে রিজনে।
দুই বোনে যেমন গভীর বন্ধুত্ব, তেমনি একে অপরের ফ্যাশন-গুরু হিসেবেও কাজ করে থাকেন সব সময়। বিশেষ করে সোনমকে তো প্রায়ই রিয়া ফ্যাশন টোটকা দিয়ে থাকেন। আর সোনম বোনের সেই টোটকা মেনে চলেন প্রতি পদে। রিয়া জানান, অনেক দিন ধরেই দুই বোন একসঙ্গে কাজ করছেন ‘রিজন’ ব্র্যান্ডটি চালু করার জন্য।
বাবা অনীল কাপুরও মেয়েদের জন্য খুব খুশি। তাই টুইটার বার্তায় লিখেছেন, ‘গর্ব করার জন্য আরও একটি “কারণ” পেলাম।’ টাইমস অব ইন্ডিয়া