সোনমের বন্ধু

বাবা অনিল কাপুরের সঙ্গে খুব ভাব মেয়ে সোনম কাপুরের। বাবার কাছে কোনো কথাই গোপন করেন না সোনম। কাজ, ভালো লাগা থেকে শুরু করে সোনমের ভালোবাসার মানুষটির কথাও জানেন তাঁর বাবা। এমনটিই দাবি করেছেন সোনম।
বর্তমানে ডলি কা ডোলি ছবির প্রচার নিয়ে ব্যস্ত আছেন সোনম। মুম্বাইয়ে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাত্কারে সোনম তাঁর বাবার সঙ্গে এই দোস্তির কথাই জানিয়েছেন।
সোনম বলেন, ‘আমার বাবার সঙ্গে খুব আন্তরিক সম্পর্ক। সবকিছু বলতে পারি তাঁকে। তিনি খুব ভালো পরামর্শ দেন কিন্তু কোনো কিছুতে বাধা দেন না। আমি আমার মায়ের কাছে যা বলতে পারি না, তা নিঃসংশয়ে বাবাকে বলে দিই।’
২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে সোনমের ডলি কা ডোলি। ছবির প্রযোজক আরবাজ খান, পরিচালক অভিষেক ডোগরা। ছবিতে অভিনয় করছেন পুলকিত সম্রাট, বরুণ শর্মা ও রাজকুমার রাও।
ডলি কা ডোলি ছবি প্রসঙ্গে সোনম বলেন, ‘এ ছবিতে অভিনয় করতে আমাকে প্রচুর খাটতে হয়েছে। বই পড়তে হয়েছে। অনেক কিছু জানতে হয়েছে আমাকে।’ (আইএএনএস)