সোনমের বরের পায়ে স্নিকার্স

বলিউড তারকা সোনম কাপুর ও আনন্দ আহুজার ‘বিবাহপর্ব’ সম্পন্ন হয়েছে। গত রোববার থেকে শুরু হয় তাঁদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। রোববার রাতে নিজের বাড়িতে সোনম মেহেদি পরেন। পরদিন বিকেলে একসঙ্গে এই তারকার মেহেদি ও সংগীত অনুষ্ঠান হয়। গতকাল মঙ্গলবার সকালে মুম্বাইয়ের রকডেল বাংলোতে শিখ রীতিতে বিয়ে হয় সোনম ও আনন্দের। একই দিন সন্ধ্যায় মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেল লীলায় আয়োজন করা হয় এই নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা।

মজার বিষয় হলো অন্য সব অনুষ্ঠানে সোনমের সাজপোশাক নিয়েই বেশি আলোচনা হয়েছে। কিন্তু গত রাতে বর আনন্দর পায়ের জুতা জোড়াই সবচেয়ে বেশি নজর কেড়েছে। শেরওয়ানির সঙ্গে বরদের পায়ে যাঁরা নাগরা দেখে অভ্যস্ত, তাঁদের তো রীতিমতো চক্ষু চড়কগাছ। কারণ আনন্দ তাঁর বিবাহোত্তর সংবর্ধনায় পরেছিলেন স্নিকার্স। নাইকি ব্র্যান্ডের জুতা আনন্দের বরাবরই পছন্দ। তাই বলে বিয়ের অনুষ্ঠানের ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গেও তিনি স্নিকার্স পরবেন, সেটা ছিল ধারণার বাইরে।

ভারতের চলচ্চিত্র ও ফ্যাশন জগতের তারকাদের উজ্জ্বল উপস্থিতিতে লীলার গতকালের সন্ধ্যা হয়ে উঠেছিল দ্যুতিময়। অনুষ্ঠানে ছিল নাচ-গানের ব্যবস্থা। কনের বাবা ও অভিনেতা অনিল কাপুর পুরো অনুষ্ঠান নাচে গানে মাতিয়ে রেখেছিলেন। সালমান খান, শাহরুখ খান, অর্জুন কাপুর, রণবীর সিং, করণ জোহর থেকে শুরু করে বড় অনেক তারকাই মঞ্চে উঠে সোনম-আনন্দের বিবাহোত্তর সংবর্ধনাকে আরও আনন্দময় করে তোলেন।
























