সোনমের লিফট ভীতি

কিছুদিন আগে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা আলিয়া ভাট জানান, অন্ধকার প্রচণ্ড ভয় পান তিনি। অন্ধকার নিয়ে এই ভয় কাটানোর চেষ্টা করছেন বলেও জানান আলিয়া। এবার বলিউডের আরেক অভিনেত্রী সোনম কাপুর তাঁর অদ্ভুত এক ভয়ের কথা জানালেন। লিফটে উঠতে প্রচণ্ড ভয় পান তিনি। এজন্য পারতপক্ষে লিফটে ওঠেন না সোনম। তবে এই লিফট ভীতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলেই জানিয়েছেন প্রখ্যাত অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর।
বরাবরই লিফটে ওঠার বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করেন বলে জানিয়েছেন সোনম কাপুর। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘বেশ কয়েক তলা ওপরে যাওয়ার প্রয়োজন হলে বাধ্য হয়ে লিফটে উঠতে হয়। সেক্ষেত্রে লিফটের এক কোনায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি আমি। আর ভয় বেশি লাগলে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করি।’
লিফটে উঠতে ভয় পেলেও এই ভয় কাটানোর চেষ্টা করছেন বলেও জানিয়েছেন সোনম। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন তিনি। সেখানে বোন রিয়ার অনুরোধে ৫৫ তলা একটি ভবনের লিফটে উঠতে রাজি হন সোনম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওই লিফটে উঠেছিলাম। লিফট থেকে বের হয়ে মনে হচ্ছিল, আমি বোধহয় অজ্ঞান হয়ে যাব। কিন্তু শেষ পর্যন্ত আমি ঠিকই ছিলাম।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
সোনম অভিনীত পরবর্তী ছবি ‘খুবসুরত’ মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর। ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘খুবসুরত’ ছবির রিমেক এটি। মূল ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে ছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রেখা। রিমেকে কেন্দ্রীয় নারী চরিত্রে রয়েছেন সোনম। ছবিটিতে সোনমের সঙ্গে জুটি বেঁধেছেন পাকিস্তানি মডেল, গায়ক ও অভিনেতা ফাওয়াদ আফজাল খান।