সোনাক্ষী-ইশার ষড়যন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাক্ষী সিনহা-পূজা মিশরা-ইশা কোপিকর
সোনাক্ষী সিনহা-পূজা মিশরা-ইশা কোপিকর

বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা, ইশা কোপিকর, ধনাঢ্য ব্যবসায়ী ভেনু গোপাল ধুত এবং সোনাক্ষীর মা পুনম সিনহার ষড়যন্ত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন বলেই দাবি করেছেন মডেল ও আইটেম গার্ল পূজা মিশরা। টাকা ও গয়না খোয়া গেছে বলেও দাবি করেছেন তিনি। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ।
সোনাক্ষী, পুনম, ইশা ও ভেনু গোপালকে উদ্দেশ করে গণমাধ্যমের সামনে পূজা বলেন, ‘গত ১০ বছর ধরে এই মানুষগুলো আমার পেছনে লেগে আছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
একটি ক্যালেন্ডারের মডেল হয়েছিলেন পূজা। সেটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি রাজস্থানের উদয়পুরে যান। সেখানকার রানি রোডের একটি হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করা হয়। ১৪ এপ্রিল রাতে দুজন অচেনা লোক তাঁকে যৌন হয়রানি করেছেন বলেই দাবি করেছেন পূজা।
এ প্রসঙ্গে পূজার ভাষ্য, ‘মঙ্গলবার রাতে হোটেলের কেউ একজন আমার খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেয়। আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারি, যৌন হয়রানির শিকার হয়েছি।’
প্রথমে উদয়পুরের আম্বামাতা থানায় পুলিশি অভিযোগ দায়ের করেন পূজা। এরপর ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা নথিভুক্ত করে পুলিশ। এ প্রসঙ্গে আম্বামাতা থানার পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র আনছালিয়া বলেন, ‘তিনি দাবি করেছেন, দুজন লোক কেবল তাঁকে যৌন হয়রানিই করেননি, তাঁর সঙ্গে থাকা টাকা ও মূল্যবান গয়নাও চুরি করেছেন।’