সোনাক্ষী 'ব্লক' করলেন সোনাকে

অভিনয়শিল্পী আর সংগীতশিল্পীদের মধ্যে এবার ভালোই ঝামেলা বেধেছে বলিউডে। আর এই ঝামেলার সূত্রপাত হয়েছে জাস্টিন বিবারের মুম্বাইয়ের কনসার্ট নিয়ে। সেখানে সংগীতশিল্পীদের থেকে অভিনেতা-অভিনেত্রীদের পরিবেশনার ওপর বেশি জোর দেওয়াতে খেপেছেন ভারতীয় সংগীতশিল্পীদের একটি দল। তবে, অভিনয়শিল্পীদের পক্ষে ‘দাবাং কন্যা’ সোনাক্ষী সিনহা একাই সাফাই গেয়ে চলছেন। তাঁদের এই লড়াই চলছে মূলত সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। এখন সেই বিবাদ মোড় নিয়েছে নতুন দিকে। ঝগড়ার একপর্যায়ে সোনাক্ষী সিনহা রাগ করে গায়িকা সোনা মোহাপাত্রকে টুইটার থেকে ব্লক করে দেন।
যখন থেকে কানাডীয় বিবারের ভারতে আসার খবর প্রচারিত হচ্ছে, তখন থেকেই এই কনসার্টের সঙ্গে জুড়ে গেছে কয়েকজন বলিউড তারকার নাম। এর মধ্যে আছেন সোনাক্ষী সিনহা, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া, শ্রদ্ধা কাপুর ও ফারহান আখতারের মতো তারকারা। এঁদের প্রত্যেকেরই প্লেব্যাক অথবা লাইভ কনসার্টে গান গাওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু তাঁরা তো আর পেশাদার গায়ক নন। তাহলে ভারতে আন্তর্জাতিক কোনো গায়ক এলে সেখানে দেশের সংগীতশিল্পীদের তুলনায় অভিনয়শিল্পীরা কেন বেশি প্রাধান্য পাবেন? এটা নিয়েই মনে মনে ক্ষোভ পুষছিলেন গায়ক-গায়িকাদের কেউ কেউ। প্রথম বোমাটা ফাটান কৈলাস খের। তাঁর টুইটের সূত্র ধরে, নবীন গায়ক আরমান মালিকও এ নিয়ে একটি টুইট করেন। বিষয়টা সোনাক্ষীর চোখে পড়লে তিনি তাঁর অবস্থান থেকে এমন চিন্তার প্রতিবাদ জানান। সোনাক্ষীর মতে, শিল্পীদের কোনো প্রতিভা প্রকাশ থেকেই বঞ্চিত করা উচিত নয়। একপর্যায়ে এই টুইটার লড়াইয়ের অবসান করতে এ অভিনেত্রী এটিও জানান যে তিনি জাস্টিন বিবারের কনসার্টে অংশ নিচ্ছেন না। কিন্তু তবুও গায়িকা সোনা মোহাপাত্র সোনাক্ষীকে টিপ্পনী কেটে একের পর এক টুইট করে যেতে থাকেন। বিরক্ত হয়ে সোনাক্ষী শেষমেশ সোনাকে টুইটার থেকে ব্লক করে দেন। আর সেটিরও স্ক্রিনশট প্রকাশ করে সোনাক্ষীকে নিয়ে তামাশা করেন সোনা।
জাস্টিন বিবারের ভারতে কনসার্ট করার কথা ১২ মে। শেষমেশ এই কনসার্টে ভারত থেকে কে কে পরিবেশনের সুযোগ পান, এখন সেটাই দেখার অপেক্ষা। স্কুপহুপ।