সোনাক্ষীর কি বিয়ে?

এই তো কিছুদিন আগে মুম্বাইয়ের একটি ওয়েবসাইটে রটেছিল, সোনাক্ষী নাকি তাঁর বয়ফ্রেন্ড বান্টি সচদেবের সঙ্গে রাত কাটিয়েছেন। তাঁদের দুজনের রাত কাটানো নিয়ে যে খবর রটেছে, তাতে বেজায় চটেছেন বলিউডের ‘দাবাং কন্যা’। নিজের টুইটার অ্যাকাউন্টে ওই ওয়েবসাইটের নাম উল্লেখ করে বেশ কড়া মন্তব্য করেছেন সোনাক্ষী। লিখেছিলেন, ‘ওদের প্রকাশিত বেশির ভাগ খবরই দেখছি ভুল। এই যেমন আমার খবরটাই দেখুন, রেস্তোরাঁতে আমরা ডিনার করতে গিয়েছিলাম আর ওদের খবরে সেটা পাল্টে গিয়ে “রাত কাটানো” হয়ে গেল!’ ক্ষোভের সঙ্গে এই তারকা অভিনেত্রী লেখেন, ‘এরপর ওরা আর কী প্রকাশ করবে তা জানার অপেক্ষায় রইলাম।’
এবার নিজেই আবার খবরের জন্ম দিলেন। হলেন শিরোনাম। সম্ভবত সোনাক্ষী আর লুকোচুরি করতে চাইছেন না। শোনা যাচ্ছে, শিগগিরই বিয়ে করছেন এ জুটি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে বান্টি নাকি সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব দেন। আর সোনাক্ষীও নাকি সময় নষ্ট করেননি। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেছেন প্রস্তাবে। এখন তাঁরা তাঁদের সিদ্ধান্তকে পরিণতি দেওয়ার কথা ভাবছেন।
শুধু ভাবছেন তা নয়, শোনা যাচ্ছে, তাঁরা নাকি বিয়ের তোড়জোড়ও শুরু করে দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোনাক্ষী নাকি তাঁর সামনের প্রজেক্ট থেকে কিছু ডেট কাটছাঁট করেছেন। যেগুলো হাতে আছে, সেই ছবিগুলো শেষ করার জন্য তাড়াহুড়ো করছেন। শুধু তা–ই নয়। ছবির অফারও নাকি ছেড়ে দিচ্ছেন।
‘নূর’ ছবির পর সুনীল সিপ্পির সঙ্গে একটি ছবি করছেন সোনাক্ষী। শুটিংও শুরু হয়ে গেছে। কিন্তু তারপর আর কোনো ছবি নাকি হাতে নেননি সোনাক্ষী। বান্টি নাকি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চান।
মুবারকের শুটিংও নাকি করবেন না বলে জানিয়েছেন সোনাক্ষী। কারণ, সেখানে আছেন তাঁর সাবেক বয়ফ্রেন্ড অর্জুন কাপুর। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সোনাক্ষী বা বান্টি কেউ–ই মুখ খোলেননি।
সম্পর্কে বান্টি অভিনেতা সোহেল খানের শ্যালক। ২০১২ সালে সোনাক্ষী ও বান্টির প্রেমের গুঞ্জন শুরু হয়। ওই সময় এ অভিনেত্রীর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি দেখত বান্টি। এর আগে সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গেও বান্টির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তিনি ক্রিকেটার বিরাট কোহলি, শেখর ধাওয়ান ও রোহিত শর্মার ম্যানেজার হিসেবে কাজ করেন।
বর্তমানে এ আর মুরুগাদোস পরিচালিত আকিরাসিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন সোনাক্ষী। সেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
ছবির খবর পাশে রেখে ভক্তরা প্রিয় তারকার বিয়ের দিন-ক্ষণ ঘোষণার অপেক্ষা করতে পারেন।
সূত্র : বলিউড লাইফ