সোনাক্ষীর জীবনের মধুরতম চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাক্ষী সিনহা ও তাঁর মা পুনম সিনহা
সোনাক্ষী সিনহা ও তাঁর মা পুনম সিনহা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা কিন্তু ছবিও আঁকেন বেশ। প্রতিকৃতি ও বিমূর্ত—দুই ধরণের ছবি আঁকতেই ভালোবাসেন তিনি। শখের এই চিত্রশিল্পীকে সম্প্রতি তাঁর মা পুনম সিনহা দিয়েছেন দারুণ এক চমক।

কিছুদিন আগে সোনাক্ষী গিয়েছিলেন ব্যাংককে, ‘ফোর্স টু’ ছবির শুটিং করতে। শুটিং শেষে মুম্বাইয়ে ফেরার পর বাড়িতে পৌঁছেই দেখতে পান বাড়ির একটি ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে তাঁর আঁকা সব ছবি। মেয়েকে চমকে দেওয়ার জন্য মা তাঁর এক বন্ধুকে নিয়ে চুপিচুপি কাজটি করেছেন। পুরো একটি ঘর সাজিয়েছেন সোনাক্ষীর আঁকা সব ছবি দিয়ে। শুধু তাই নয় মায়ের নিজের হাতের ছোঁয়াও লেগেছে ঘরের দেয়ালে। স্প্রে পেইন্টিং করে মেয়ের ছবির ঘরটাকে আরও সুন্দর করে তুলেছেন তিনি।

মায়ের কাছ থেকে এমন চমক পেয়ে যারপরনাই খুশি সোনাক্ষী। তিনি বলেন, ‘এটি ছিল আমার জীবনের মধুরতম চমক। ’

ভবিষ্যতে নিজের আঁকা ছবি নিয়ে একটি প্রদর্শনী করারও ইচ্ছা আছে এই নায়িকার। প্রদর্শনের জন্য যথেষ্ট সংখ্যক ছবি হলেই তিনি এই কাজটি করবেন বলে জানিয়েছেন। ফিল্মফেয়ার।