সোনাক্ষীর প্রিয় কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাক্ষী সিনহা
সোনাক্ষী সিনহা

প্রশংসা তো দূরের কথা; বলিউডের নায়িকাদের মধ্যে নাকি কখনো ভালো বন্ধুত্বই হয় না; এমন কথাই প্রচলিত। আর একই প্রজন্মের তারকাদের মধ্যে ভেতরে-ভেতরে যে ‘শীতল যুদ্ধ’ চলতে থাকে, সে কথাও সবার জানা। এ প্রসঙ্গে কিছুদিন আগে মুখ খুলেছিলেন বলিউডের তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। এ প্রসঙ্গে তাঁর মত, বলিউডে সবাই নিজেদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। আর এ কারণেই অন্যের সঙ্গে মন খুলে মিশতে পারেন না। অবশ্য ব্যতিক্রমও আছেন, যেমন ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা। তিনি অকপটে নাম নিয়েছেন— আলিয়া ভাট আর কঙ্গনা রনৌতের।

সম্প্রতি সোনাক্ষী সিনহা জানিয়েছেন, অভিনেত্রী আলিয়া ভাট এবং কঙ্গনা রনৌতকে নাকি তাঁর দারুণ লাগে। দিনকয়েক আগে টুইটারের লাইভ চ্যাট সেশনে ভক্তেরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, সমসাময়িক নায়িকাদের মধ্যে কাকে তাঁর পছন্দ? ভক্তরা আরও জানতে চেয়েছিলেন, এমন কোনো সিনেমা কী আছে, যা দেখে সেখানে কাজ করার ইচ্ছা জেগেছিল তাঁর? উত্তরে সোনাক্ষী জানিয়েছেন, আলিয়া এবং কঙ্গনার নাম।

আর ছবির প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেছেন, ‘কুইন’ এর মতো কোনো চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন দেখেন তিনি। যে ছবিতে অভিনয় করে কঙ্গনা কুড়িয়েছিলেন ব্যাপক সুনাম, অর্জন করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার। এ ছবিতে কঙ্গনার অভিনয় মুগ্ধ করেছে সোনাক্ষীকে।

পর্দায় বেশির ভাগ সময় সোনাক্ষী সিনহাকে আমুদে মেয়ের চরিত্রেই দেখা যায়, তবে ‘লুটেরা’ ছবিতে বেশ গুরুগম্ভীর চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছিলেন তিনি। নতুন ছবি ‘আকিরা’তেও এ অভিনেত্রী আবারও ‘লুটেরা’ ছবিটির চরিত্রটির মতো ভাবগম্ভীর চেহারাতেই হাজির হতে যাচ্ছেন। শত্রুঘ্ন তনয়া সোনাক্ষী সিনহা ভক্ত-দর্শকদের তাঁর এই নতুন ‘অবতার’ বা চেহারা দেখার জন্য একটু অপেক্ষা করারই অনুরোধ জানিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।