সোনাক্ষীর সৌভাগ্য বইয়ে!

একবার এক জ্যোতিষী সোনাক্ষী সিনহাকে বলেছিলেন, বই তাঁর জন্য সাফল্য বয়ে আনবে। জ্যোতিষীর এই ভবিষ্যদ্বাণী মেনে চললে সাফল্য খুঁজতে সারা দিন সোনাক্ষীর বইয়েই মুখ গুঁজে থাকার কথা ছিল। কিন্তু বলিউডের ‘দাবাং–কন্যা’ যে জ্যোতিষশাস্ত্রে একেবারেই বিশ্বাস করেন না। তাই সে সময় হেসেই উড়িয়ে দিয়েছিলেন সেই কথা। এত দিন পর এসে সোনাক্ষী দেখলেন, সেই জ্যোতিষীর কথাই সত্যি হয়েছে। পরোক্ষভাবে বইয়ের মধ্যেই এই অভিনেত্রী সাফল্যের সন্ধান পেয়েছেন।
২০১৩ সালে বিক্রমাদিত্য মোটওয়ানির লুটেরা ছবিতে জমিদারকন্যার চরিত্রে সোনাক্ষীর অভিনয় সমালোচকদের নজর কেড়েছিল। সেই ছবিটি মার্কিন লেখক ও. হেনরির ছোটগল্প দ্য লাস্ট লিফ অবলম্বনে তৈরি। সোনাক্ষীর আসন্ন ছবি নুর-এর গল্পও একটি উপন্যাস থেকে অনুপ্রাণিত। পাকিস্তানি সাহিত্যিক সাবা ইমতিয়াজের করাচি, ইউ আর কিলিং মি! নামের একটি বই থেকে নুর তৈরি করেছেন সুনীল সিপ্পি। যদিও সেই ছবি এখনো মুক্তি পায়নি। কিন্তু ছবিটির ব্যাপারে সোনাক্ষী দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমি এসব বিষয়ে (জ্যোতিষশাস্ত্র) একেবারেই বিশ্বাস করি না, কিন্তু এই কাকতালীয় বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। লুটেরা আর নুর দুটি ছবিই আমার ভীষণ পছন্দের।’
এখন সেই জ্যোতিষীর বাণী কতটুকু ঠিক, তা বোঝা যাবে ২১ এপ্রিলের পর। কারণ, নুর সেদিনই মুক্তি পাবে। এই ছবিতে আরও অভিনয় করেছেন কানন গিল, শিবানী ডান্ডেকার ও পূরব কোহলি। টাইমস অব ইন্ডিয়া।